অবহেলিত এক গ্রাম বসুরাবাদ
খুলনার ফুলতলা উপজেলার দমোদর ইউনিয়নের অবহেলিত একটি গ্রামের নাম বসুরাবাদ। এ গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই। শুষ্ক মৌসুমে জমির আইলের ওপর দিয়ে হেঁটে এখানে আসতে হয়। বর্ষাকালে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। এ গ্রামের মানুষ চিকিৎসা, শিক্ষাসহ সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই এ গ্রামের বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছে। ২৭ বছর আগে এখানে ১ হাজার ২০০ মানুষ বাস করত। এখন মাত্র ১৮০ জন বাস করে। গ্রামের বাসিন্দা তাপস বিশ্বাস বলেন, ‘ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়, আর মাটির দিয়াল ভাঙে পড়ার উপক্রম হয়। মনে হয় এইবার বুধায় (মনে হয়) মরে গেলাম। আগে এ গ্রামে ১২০০ মানুষ ছিল, এহন যাতি যাতি ১৮০ জনের মতো আছে।’ গ্রামের পশ্চিম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত পাকা ভবন। ভবনের দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। ছাদ দেবে গেছে। এটি বসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন।এ প্রসঙ্গে গ্রামের বাসিন্দারা জানায়, ১৯৫২ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। রাস্তা না থাকায় শিক্ষকেরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। এ কারণে ২০০৭ সালে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এই বিদ্যালয়ের শিক্ষকেরা আশপাশের বিদ্যালয়গুলোতে শিক্ষকতা করছেন। তাই এ গ্রামের শিশুরা তিন কিলোমিটার দূরে মুজোরঘুটো গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে যায়। গ্রামের বাসিন্দা তারক চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমাগের এনতে রোগী নিয়ে যাওয়া খুব কষ্ট। রোগীকে ঝুড়ায় (বাঁশ ও পাটের বস্তা দিয়ে তৈরি রোগী বহন করার যান) করে সাড়ে তিন কিলোমিটার হাইটে নিয়ে পাকা রাস্তা উঠতে হয়। তারপর হাসপাতালে। আমরা বাঁচলাম, না মরলাম, তার খোঁজখবর কেউ নেয় না।’এখানে বিদ্যুৎ নেই। চারটি বাড়িতে আছে সৌর বিদ্যুৎ। সারা গ্রামে তিনটি সাদাকালো টেলিভিশন আছে। নেই কোনো গভীর নলকূপ। পাঁচটি অগভীর নলকূপ থাকলেও সেগুলোর পানি লবণাক্ত।দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিয়া হাসিন জানান, বসুরাবাদ গ্রামের বাসিন্দারা চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের সুবিধা থেকে বঞ্চিত। বিলের মধ্যে হওয়ায় যোগাযোগের কোনো ব্যবস্থাই নেই। স্থানীয় সাংসদ ওই গ্রামে যাওয়ার জন্য রাস্তা করার উদ্যোগ নিয়েছেন।