অবহেলিত জনপদের বিদ্যালয়ে অন্য রকম একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গতকাল বৃহস্পতিবার অন্য রকম ভালো লাগার একটি দিন ছিল।
এদিন শিক্ষকের পরিবর্তে এক ঘণ্টারও কিছু বেশি সময় বিদ্যালয়ে পাঠদান করলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, কলেজের চারজন অধ্যক্ষ, দুজন চিকিৎসক, একজন প্রকৌশলী ও একজন শিক্ষা কর্মকর্তা।
দশম শ্রেণিতে দুপুর ১২টা ২০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞানসহ নানা বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। পুলিশ সুপার বশির আহম্মদ ক্লাসের নির্ধারিত বিষয়ের পাশাপাশি আলোচনা করেন নানা বিষয়। এ ছাড়া বিভিন্ন শ্রেণিতে নানা বিষয় নিয়ে আলোচনা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, বালিগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ ওমর ফারুক ও নূর-ই-আখতার জোবেদা বেগম, সদর উপজেলা প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
বিশিষ্ট এসব ব্যক্তি শিক্ষামূলক নানা বিষয়ের পাশাপাশি নানা মনীষীর সংগ্রামী জীবন ও অভাব-অনটন মোকাবিলা করে লেখাপড়া করে বড় হওয়ার গল্প বলে শিক্ষার্থীদের সফল হওয়ার স্বপ্ন দেখানোর চেষ্টা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে সফল হওয়ার স্বপ্ন দেখানোর জন্যই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, চরমোহনপুর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হলেও এটা এক প্রান্তের অবহেলিত এক জনপদ। গত বছরের ২ নভেম্বর প্রথম আলোয় ‘অবহেলিত জনপদে আলোর ছটা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পড়ে জেলা প্রশাসক বিদ্যালয়ের উন্নয়নের জন্য দুই টন চাল বরাদ্দ ও বিদ্যালয়টি পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। তাঁর ইচ্ছাতেই মূলত এ আয়োজনের ব্যবস্থা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দিনটি স্মরণীয় দিন হয়ে থাকবে। শিক্ষার্থীরা একসঙ্গে এতজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে দারুণ খুশি। জেলা প্রশাসককে কাছে পেয়ে শিক্ষার্থীরা জানতে পারে জেলা প্রশাসকের কাজের আওতা। তাঁরা জেলা প্রশাসকের কাছে এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা তুলে ধরে তা সংস্কারের দাবিও জানায়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়টি এ ক্যাটাগরির। চার বছর ধরে পাবলিক পরীক্ষাগুলোয় এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাসের হার শতভাগ।