অবহেলিতদের কল্যাণে নেওয়া প্রকল্প বাস্তবায়ন করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের অবহেলিত মানুষের কল্যাণে সরকারের গৃহীত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তাদের প্রতি এ আহ্বান জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসিত করার লক্ষ্যে রাজধানীর পথশিশুদের একটি তালিকা করেছে সরকার। এটা বাস্তবায়ন করা কোনো কঠিন কাজ নয়। আমরা চাইলে এটা করতে পারি।’
মন্ত্রণালয়গুলো পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী গতকাল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা দেন। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তৃতা দেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সচিব নাসিমা বেগম এবং মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে খড়ের ঘরের স্থলে একটি করে টিনের ঘর দেওয়ার সিদ্ধান্তের¯কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্প এবং নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র ১ শতাংশ সার্ভিস চার্জে গৃহায়ণ প্রকল্প নেওয়া হয়।
প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে অধিক সুদে ঋণদানকারী বেসরকারি সংস্থাগুলোর সমালোচনা করে বলেন, তাদের এসব প্রকল্পে দারিদ্র্য হ্রাস হয় না, বরং কোনোভাবে মানুষকে বেঁচে থাকতে সহায়তা করে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের গ্রাম পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে। ‘পল্লি জনপদ’ নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং এই পরিকল্পনার অধীনে গ্রামীণ জনগণের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে।