অবাঞ্ছিত ঘোষণার পর গাড়িবহর নিয়ে সিরাজদিখানে সিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাঞ্ছিত ঘোষণার প্রায় সাত দিন পর গতকাল শুক্রবার বিশাল গাড়িবহর নিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় যান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের উপজেলার কুচিয়ামোড়া এলাকা দিয়ে ওই গাড়িবহর সিরাজদিখানে ঢোকে। গাড়িবহরের সামনে বিপুলসংখ্যক মোটরবাইক ছিল। গাড়িবহরটি নিমতলা, ইছাপুরা, তালতলা, মালখানগর হয়ে বেলা দুইটার দিকে লৌহজং উপজেলায় গিয়ে থামে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াবুল আলম প্রমুখ। মিজানুর রহমান সিনহা প্রথম আলোকে বলেন, লৌহজং উপজেলায় কলেজ ছাত্রদলের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এলাকায় আমি তো আসবই। এখানে কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না।’ ৩১ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জেলা শহরের থানারপুল এলাকায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির এক জরুরি সভায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস ধীরেন ও সাধারণ সম্পাদক শেখ মো. আবদুল্লাহকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এর জের ধরে ৩ আগস্ট বিএনপির এক অংশের নেতা-কর্মীরা ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। এ সময় নেতা-কর্মীরা সিনহাকে সিরাজদিখানে অবাঞ্ছিত ঘোষণা করেন।