রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে অবাণিজ্য বিভাগের পরীক্ষায় মাত্র ১৯ জন পাস করেছেন। এ ইউনিটে অবাণিজ্য বিভাগের (বিজ্ঞান ও মানবিক) শিক্ষার্থীদের জন্য ৯১টি আসন রয়েছে।
বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাস নম্বর কমিয়ে দেওয়া হতে পারে কিংবা বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের দিয়ে আসন পূরণ করা হতে পারে।’
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ফল প্রকাশ হয়। গত সোমবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বাণিজ্য বিভাগের এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হয়। অবাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেন। এ অনুষদে মোট আসন ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪২৯টি আসন। ফলাফলে বাণিজ্য বিভাগের ৮৭২ জন এবং অবাণিজ্য বিভাগের ১৯ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও ফিন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন বলেন, অবাণিজ্য গ্রুপে প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস নম্বর ছিল ৪০। মাত্র ১৯ জন শিক্ষার্থী ৪০ বা তার বেশি নম্বর পেয়েছে। অবাণিজ্য গ্রুপে প্রথম স্থান অধিকারীর প্রাপ্ত নম্বর ৪৮ দশমিক ১৩।