অবাধ আমদানি ও মজুদের সুযোগ চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট ধরনের ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ৫৮ বছর আগের একটি আইন পুনঃপ্রবর্তনে সরকারের নেওয়া উদ্যোগে ব্যবসায়ীরা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিযোগিতা বাড়াতে ব্যবসায়ীরা অবাধ আমদানি ও মজুদের পক্ষে। এর মাধ্যমে বরং খাদ্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তাঁরা দাবি করছেন। চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এই দৃষ্টিভঙ্গি তুলে ধরে মজুদ ও বিক্রির সময়সীমা বেঁধে দিয়ে তৈরি খসড়া আইনের বিষয়ে তাদের মতামত ও সুপারিশ খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রীর কাছে পাঠাচ্ছে।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সুপারিশে বলা হয়, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদবিরোধী অধ্যাদেশ-১৯৫৩ যখন প্রবর্তন করা হয়, তখন দেশে জনসংখ্যা ছিল কম। সে সময় কোনো ভোগ্যপণ্য আমদানির দরকার হতো না। দেশে উৎপাদিত পণ্য কোনো অঞ্চলের ব্যবসায়ীরা মজুদ রেখে দেশের অন্য অঞ্চলে যাতে ঘাটতি সৃষ্টি ও দাম বাড়াতে না পারে, সেই উদ্দেশ্যে আইনটি করা হয়েছিল। সুতরাং আমদানি নিয়ন্ত্রণ নয়, আমদানিকে উৎসাহিত করে দেশে ভোগ্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত করলে একক বা জোটবদ্ধ হয়ে দাম বাড়ানোর সুযোগ থাকবে না।খাতুনগঞ্জ অ্যাসোসিয়েশনের সুপারিশে বলা হয়, সরকার ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে চাইলে কোন আমদানিকারক কী পরিমাণ এবং কত দামে ওই পণ্য আমদানি করেছেন—সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণে একটি আলাদা সেল করা যেতে পারে। কোনো নির্দিষ্ট পণ্য সংশ্লিষ্ট আমদানিকারক বেশি দামে বিক্রির চেষ্টা করলে প্রস্তাবিত সেলের মাধ্যমে ওই ব্যবসায়ীর ওপর চাপ দেওয়া যাবে। এ ছাড়া আমদানিকারকেরা কারসাজির মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার সেলের তৎপরতায় দ্রুত পণ্য আমদানি করে বাজারে ছেড়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে। মন্ত্রীর কাছে সুপারিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম তালুকদার। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রস্তাবে বলা হয়, বেশির ভাগ ভোগ্যপণ্য উৎপাদনের জন্য নির্দিষ্ট কিছু দেশ রয়েছে। যেমন নিজ দেশে উৎপাদিত চাল রপ্তানি করে ভিয়েতনাম, পাকিস্তান, মিয়ানমার। গম রপ্তানি করে অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া। ডাল উৎপাদিত হয় কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্কে। এসব ফসল উৎপাদনের একটি নির্দিষ্ট মৌসুম আছে। মৌসুমের শেষে ওই পণ্যের দাম বেড়ে যায়, কিংবা দুষ্পাপ্য হয়ে ওঠে। এ কারণে ব্যবসায়ীরা নির্দিষ্ট পণ্যের মৌসুমের শুরুতে সংশ্লিষ্ট দেশের রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করে কম দামে পণ্য আমদানি করে গুদামে রেখে দেন।মেট্রোপলিটন চেম্বারের অন্যতম পরিচালক আবুল বশর চৌধুরী বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এ জন্য বাস্তবসম্মত কিছু সুপারিশ তৈরি করেছি। এ সপ্তাহের মধ্যে তা সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পাঠানো হবে।’চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম কিছু প্রস্তাব তৈরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৫৮ বছর আগের আইন প্রবর্তন করা হলে ভোগ্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমাদের প্রস্তাব দু-এক দিনের মধ্যে সরকারের কাছে পাঠানো হবে।’ওমর আজম বলেন, ‘চাল উৎপাদনের মৌসুমে ব্যবসায়ীরা আমদানির ব্যাংক ঋণপত্র খুলতে পারেননি বলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চালের দাম ৪০-৫০ টাকা হয়েছিল। এ কারণে মৌসুম বেছে নিয়ে প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির বিষয়টি নিশ্চিত করতে হবে এবং এ পণ্য গুদামে সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।’গত ২৯ ডিসেম্বর খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ১৯৫৩ সালের খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদবিরোধী অধ্যাদেশের কিছু ধারা পুনর্বহালের কথা বলেন। ওই খসড়ায় খাদ্যশস্য গুদামে রাখা ও বিক্রির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া খাদ্য ব্যবসার জন্য সব ব্যবসায়ীর লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়।