অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া সাতজন মেয়র পদপ্রার্থী। গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে তাঁরা এ অঙ্গীকার করেন। সুশাসনের জন্য নাগরিক-সুজন ও সচেতন নাগরিক কমিটি-সনাক কুমিল্লার উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। এতে বিপুলসংখ্যক ভোটার অংশ নেন। তবে অনুষ্ঠানে নয় মেয়র পদপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সালমান সাঈদ অংশ নেননি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার। জানা গেছে, গতকাল বিকেল সোয়া পাঁচটায় কুমিল্লা টাউন হলে আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়। সুজন কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ও সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান।অনুষ্ঠানে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক, জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী এয়ার আহমেদ, আওয়ামী লীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থী নূর-উর রহমান ও আনিসুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের মেয়র প্রার্থী শিরিন আক্তার, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মামুনুর রশিদ ও চঞ্চল কুমার ঘোষ উপস্থিত ছিলেন। নির্বাচনে জয়ী হলে কী করবেন, সে সম্পর্কে অনুষ্ঠানে পাঁচ মিনিট করে বক্তব্য দেন সাত মেয়র পদপ্রার্থী। একই সঙ্গে তাঁরা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর মেয়র প্রার্থীরা ১৩ দফা বাস্তবায়নের জন্য কাজ করার অঙ্গীকার করেন। তাঁরা অঙ্গীকারনামায় সইও করেন। এই ১৩ দফা হলো: অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত রাখা, পরাজিত হলে গণরায় মেনে নেওয়া, স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত, নগরবাসীর মৌলিক চাহিদা পূরণ, স্থানীয় পরিকল্পনার ভিত্তিতে কাজ করা, জনগণের অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নারী উন্নয়ন, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং প্রতিবছর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের হিসাব প্রকাশ। অনুষ্ঠানে আফজল খানের অনুপস্থিতি প্রসঙ্গে সনাক কুমিল্লার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান বলেন, ‘আফজল খানের ছেলে জানিয়েছেন, তাঁর বাবা অসুস্থ। তাই তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।’ আসলেই আফজল খান অসুস্থ ছিলেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। কারণ বিকেল পৌনে পাঁচটায় নগরের রেইসকোর্স কাঠেরপুল এলাকায় সাংসদ আবদুল মতিন খসরুর উপস্থিতিতে এক অনুষ্ঠানে আফজল খান বক্তৃতা করেন। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী দুই মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান ও আনিসুর রহমান ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় আফজল খান হাজির হননি। রেইসকোর্স কাঠেরপুল এলাকার ওই অনুষ্ঠানে কুমিল্লা মহানগরে বসবাসরত বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার ভোটারদের উদ্দেশে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থীকে বিজয়ী করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করা চলবে না। কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী আফজল খান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ আবু তাহের, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।