অবাধ ঘোরাফেরা ভোটকেন্দ্রে
পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয়ে ঢোকার ফটকটি বেশ সংকীর্ণ। ঢুকতে হয় মাথা নিচু করে। ওই ফটকের দুই পাশ আগলে দাঁড়িয়েছিলেন হাতী প্রতীকের পরিচয়পত্র বহনকারী লোকজন। প্রত্যেক ভোটারকে খুঁটিয়ে দেখে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন তাঁরা। অনুরোধ করছিলেন হাতী প্রতীকে ভোট দেওয়ার।
চট্টগ্রাম নগরের শহীদ লেন এলাকার এই বিদ্যালয়ে আছে চারটি ভোটকেন্দ্র। ভোটকেন্দ্রের বাইরে ভিড় করেছিলেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের কয়েক শ সমর্থক।
সকাল সাড়ে ১০টায় এই বিদ্যালয়ের বিভিন্ন বুথের সামনে ভোটারদের লাইন দেখা যায়। কেন্দ্রের ভেতরে হাতী প্রতীকের পরিচয়পত্র বহনকারী লোকজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে।
এই বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে ভোটার ১ হাজার ৭০৪ জন। বুথ চারটি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বদরুল কামাল কাদেরি জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৩ শতাংশ ভোট পড়েছে। তিনি জানান, ওই সময় পর্যন্ত কোনো প্রার্থীর পোলিং এজেন্ট তাঁর কাছে কোনো অভিযোগ করেননি।
এই কেন্দ্রের একটি বুথে থাকা এক ব্যক্তি নিজেকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পোলিং এজেন্ট বলে দাবি করেন। তিনি বলেন, ভোট এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। বিদ্যালয়ের ২২০ নম্বর ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইবনে জিয়া মো. হাসান বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে।
সিটি করপোরেশনের ২০২ নম্বর কেন্দ্র ফয়’স লেকের নূরিয়া মাদ্রাসায় সকাল ১০টায় গিয়ে ভোটারদের লম্বা সারি দেখা যায়। এই ভোটকেন্দ্রের বাইরেও আ জ ম নাছিরের কয়েক শ সমর্থককে জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।