ঢাকায় এক গণশুনানিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেছেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে স্থানীয় জনগণের উদ্ভাবিত অবাধ জোয়ার-ভাটা (টিআরএম) পদ্ধতিই একমাত্র সমাধান। দেশি-বিদেশি বিশেষজ্ঞরাও তা স্বীকার করে নিয়েছেন। সরকার বারবার এই পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে বাধার মুখে পড়েছে। স্থানীয় চিংড়িঘেরের মালিক ও কিছু প্রভাবশালী গোষ্ঠী তাদের ব্যক্তিগত স্বার্থে টিআরএম বাস্তবায়নে বাধা দিচ্ছে। ওই গোষ্ঠীতে সরকারি দলের লোকজনও রয়েছেন।
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার ‘অভয়নগর-মনিরামপুর-কেশবপুর-ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সরকারি পদক্ষেপ ও জনগণের দাবি’ শীর্ষক এই গণশুনানি হয়। জলাবদ্ধ এলাকা থেকে আসা প্রতিনিধিরা জলাবদ্ধতা অব্যাহত থাকার পেছনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশকেও দায়ী করেন। এই চক্রকে ভেঙে জলাবদ্ধতা দূর করতে শক্ত হাতে টিআরএম বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও পানি অধিকার ফোরাম যৌথভাবে এই গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে ওই এলাকার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘আমরা ১৯৮৮ সাল থেকে জলাবদ্ধতায় ভুগছি। ঘরবাড়ি সব হারিয়ে ধনী-গরিব সব এক হয়ে গেছে। এলাকার শত শত কোটি টাকার সম্পদ শেষ হয়ে গেছে। যুগের পর যুগ আমরা শুধু জলাবদ্ধতা দূর হওয়ার আশ্বাস পাচ্ছি। কিন্তু বাস্তবে জলাবদ্ধতা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।’
ভবদহ পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ভবদহের জলাবদ্ধতা নিয়ে যত সেমিনার ও আলোচনা সভা হয়েছে, তার সব কটির খরচের হিসাব করলে কোটি টাকা ছাড়াবে। ওই টাকা দিয়ে জলাবদ্ধ মানুষদের সহায়তা করলেও কাজের কাজ হতো। তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে পানিসম্পদমন্ত্রীর দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাদের মধ্যে আবদুর রাজ্জাক, মেজর (অব.) হাফিজ থেকে শুরু করে বর্তমান মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও আমাদের কথা শুনেছেন। পাউবোকে তাঁরা সমস্যার সমাধানে নির্দেশনাও দিয়েছেন।’ কিন্তু তাঁদের নির্দেশনা এই সংস্থার প্রকৌশলীরা সত্যিকার অর্থে শোনেন কি না বা সঠিকভাবে বাস্তবায়ন করেন কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
জলাবদ্ধ এলাকা যশোরের কেশবপুর ও অভয়নগরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক জলাবদ্ধতার জন্য স্থানীয় চিংড়িঘেরের মালিকদের দায়ী করেন। তিনি বলেন, ঘেরমালিকেরা মাছ চাষের জন্য বাঁধ কেটে পানি ধরে রাখেন। ফলে জলাবদ্ধতা দূর হয় না। টিআরএম বাস্তবায়ন কমিটিতে স্থানীয় জনগণের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জলাবদ্ধ এলাকার রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা জলাবদ্ধতা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। সরকারকে সহযোগিতা করুন। টিআরএম বাস্তবায়নে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে।’
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় গণশুনানি শেষে সমাপনী বক্তব্য দেন শামসুল হুদা।