অবাধে কচ্ছপ শিকার হুমকিতে পরিবেশ
খাল-বিল ও নদী-নালা থেকে শিকার করা হচ্ছে মিঠাপানির কচ্ছপ। এসব কচ্ছপ প্রকাশ্যে মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, শরীয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। এ অঞ্চলে কচ্ছপ বিক্রির জন্য প্রসিদ্ধ অনেক হাটবাজারও রয়েছে। অবাধে কচ্ছপ নিধন করায় পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে।দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা সরেজমিনে দেখা গেছে মাদারীপুরের কালকিনির শশীকর বাজার, চলবল বাজার; রাজৈর উপজেলার টেকেরহাট, কদমবাড়ী; গোপালগঞ্জের কোটালীপাড়ার নৈয়ারবাড়িহাট, ভাঙ্গার হাট, লখন্ডার হাট, রামশীল বাজার, রাজাপুরের আন্ধারমানিক, ঘাঘরহাট, বান্ধাবাড়ির হাট এবং মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে প্রতি সপ্তাহেই হাটের দিন কচ্ছপ বেচা-কেনা হয়।কালকিনি উপজেলার শশীকর বাজারের কচ্ছপ বিক্রেতা মহানন্দ বৈরাগী বলেন, ‘অ্যাখন আর আগের মতন কাছিম পাওয়া যায় না। কাছিম ধরিও অনেক কম, আবার বেচিও অনেক বেশি দামে। এক কেজি কাছিমের দাম ৭০০ থেকে ৮০০ টাকা পইরা যায়।’গোপালগঞ্জের জলিরপাড় বাজারের কচ্ছপ বিক্রেতা মনোহর দাস জানান, কার্তিক থেকে বৈশাখ-জ্যৈষ্ঠ পর্যন্ত কচ্ছপ শিকারের সময়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাঁরা কাছিম শিকার করে এনে মাদারীপুর ও গোপালগঞ্জের হাটবাজারে বিক্রি করেন।নড়াইল সদর উপজেলার রূপগঞ্জ, তুলারামপুর, মাইজপাড়া ও গোবরা; কালিয়া উপজেলার চাঁচুড়ি ও পিরোলি এবং লোহাগড়া উপজেলার এড়েন্দা, দীঘলিয়া ও বড়দিয়া হাটেও প্রকাশ্যে চলছে কচ্ছপের বেচা-কেনা।নড়াইলের লোহাগড়া উপজেলার কচ্ছপ বিক্রেতা বিজয় সরকার জানান, খাল-বিলে পানি কমে যাওয়ায় ধরা পড়ে বেশি। শিকারের জন্য এক শ্রেণীর পেশাজীবী রয়েছেন। তাঁরা মাটির এক থেকে তিন ফুট নিচ থেকে ‘কোচ’ নামের বিশেষ এক ধরনের দেশি অস্ত্র দিয়ে কচ্ছপ শিকার করেন।নড়াইল পৌরসভার কাড়ার বিল ও সদরের এগারোখান বিল, লোহাগড়া উপজেলার ইছামতী বিল, নলদী, কচুবাড়িয়া ও মিঠাপুর বিল এবং কালিয়ার চাঁচুড়ি বিল থেকে কচ্ছপ শিকার করা হয় বেশি। দূর থেকে এনে ফড়িয়ারা এগুলো নড়াইলে পাইকারি দরে বিক্রি করেন। রূপগঞ্জ হাটে প্রতি কেজি বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকায়। বড় আকারের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে।জানা গেছে, এবার পয়লা বৈশাখের দিন কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর মাহমুদ সংরক্ষণের স্বার্থে কচ্ছপ বিক্রির মেলা বন্ধ করে দিয়েছেন। মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান শরীফ হুকবুল বলেন, অপরিকল্পিতভাবে খাল-বিল থেকে কচ্ছপ নিধন করায় পরিবেশের ভারসাম্য রক্ষা হুমকির মুখে পড়েছে।জেলা বারের আইনজীবী শাহানা শৈলী বলেন, বাংলাদেশ বন্য প্রাণী আইন (সংরক্ষণ) ১৯৭৪-এর ২৫ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো অস্ত্র দিয়ে বন্য প্রাণী আঘাত করে হত্যা করার উদ্দেশ্য শিকার করে বা হত্যা করে, তাহলে ওই ব্যক্তিকে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডসহ ৫০০ থেকে এক হাজার টাকা জরিমানা করার আইন রয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেসব প্রাণীর কথা বলা হয়েছে, তার মধ্যে কচ্ছপ অন্যতম।