অবাধে কাটা হচ্ছে টিলা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবাধে টিলা কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই এক সপ্তাহ ধরে টিলা কাটা হচ্ছে। এসব টিলার মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও ভবনের জায়গা ভরাটের কাজে।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (খ) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করতে পারবে না। তবে অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পাহাড় বা টিলা কাটা যেতে পারে।
মাটি কাটায় নিয়োজিত শ্রমিকেরা জানান, উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব-আমতলী এলাকার একাধিক টিলার মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটা ও ভবনের কাজে। এ ছাড়া নানুপুর ইউনিয়নের প্রেমপুর এলাকার উঁচু টিলা থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে।
পূর্ব-আমতলী এলাকায় গেলে স্থানীয় লোকজন জানান, সপ্তাহ ধরে মাটি কাটা হলেও কেউ বাধা দেয়নি। স্থানীয় কিছু লোক মৌখিকভাবে বাধা দিলেও কোনো কাজ হয়নি। বর্তমানে ওই এলাকার একটি টিলার মাটি প্রায় সাবাড় হয়ে গেছে। সমতল ভূমিতে পরিণত করা হয়েছে টিলাটিকে। মাটি কাটার জন্য রয়েছেন সাত থেকে আটজন শ্রমিক। মাটিগুলো নেওয়ার জন্য সড়কে রাখা আছে দুটি ট্রাক।
স্থানীয় ব্যক্তিরা জানান, যাঁরা মাটি কাটছেন, তাঁরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। মাটি কাটার ঠিকাদার মো. জাহেদ মুঠোফোনে বলেন, ‘ব্যক্তিগত জায়গা থেকে টিলার মাটি কিনেছি। পরে কেটে বিক্রি করছি। এতে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না।’
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর আলম জানান, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর আলম জানান, যেকোনো অঞ্চলের পাহাড় বা টিলা কাটার আগে অনুমতি প্রয়োজন। এর ব্যতিক্রম বেআইনি।