অবাধে চলছে নছিমন করিমন, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-তারাগঞ্জ-সৈয়দপুর মহাসড়কসহ তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে নছিমন-করিমন, ভটভটি ও পাওয়ার টিলার। অবৈধ এসব যানবাহনের বিকট শব্দ ও বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আর হরহামেশা দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।সরেজমিনে বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, ট্রাক্টর ও পাওয়ার টিলারগুলোর নিবন্ধন নেই। বেশির ভাগ নছিমন-করিমন, ভটভটি পুরোনো ও ভাঙাচোরা। পেছনে কোনো সংকেত বাতি নেই। এমনকি ব্রেকও ঠিকমতো কাজ করে না। কোনো কোনো যান ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি মালামাল এবং যাত্রী বহন করছে। চালকদেরও কোনো লাইসেন্স (অনুমতিপত্র) নেই। কোনো কোনো চালক অপ্রাপ্তবয়স্ক। ইকরচালী ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম বলেন, এসব নছিমন-করিমন ও ভটভটির কারণে পরিবেশ দূষণ হচ্ছে। মহাসড়কে দিন দিন যানজট বেড়েই চলেছে। ভটভটিতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ছয় মাসে ইকরচালী-তারাগঞ্জ মহাসড়কে কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটেছে। সরকারপাড়া গ্রামের মোতালেব হোসেন জানান, সরকার মহাসড়কে নছিমন-করিমন ও ভটভটি চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু তারাগঞ্জের বিভিন্ন রাস্তায় এগুলো অবাধে চলাচল করলেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অনুমোদন ছাড়া কীভাবে এসব যানবাহন চলছে জানতে চাইলে, ফকিরপাড়া গ্রামের ট্রাক্টর চালক ফজলু হক বলেন, ‘ভাই, এ যুগে সবই হয়। ব্যবস্থা করে চালাই। বেশি কড়াকড়ি হলে লুকিয়ে চালাই।’ লক্ষ্মীপুর গ্রামের নছিমনচালক নজু মিয়া বলেন, ‘ভাই, হামরা তো অশিক্ষিত মানুষ। আইন-কানুন বুঝি না। এলাকায় কাম নাই, তাই ভটভটি চালেয়া সংসার চালাই।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘এসব নছিমন-করিমন ও ভটভটি বন্ধ করার ব্যাপারে আমরা চেষ্টা করছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে আমাদের জনবল কম থাকায় সব জায়গায় ঠিকমতো এসবের নজরদারি করা সম্ভব হয় না।’