অবাধে চলছে বালু বিক্রি!
নীতিমালা না মেনে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশ থেকে বালু উত্তোলন করে অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে রয়েছে পাহাড়ের ঢালুতে বসবাসরত শতাধিক পরিবার। এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার সরকারি ১ নম্বর খাসখতিয়ানের পাহাড় ও ছালিয়াতলীর বন বিভাগের পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করছে। এ ছাড়া এসব এলাকার পাহাড়ের পাদদেশে বালু উত্তোলন করে তা বিক্রি করছে। সরেজমিনে দেখা গেছে, ছালিয়াতলী এলাকায় পাহাড়ের ছড়ার বালু অবাধে বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক বালুর দাম নেওয়া হচ্ছে ২০০ টাকা। ছালিয়াতলী এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে জানান, প্রশাসনের চাপের মুখে প্রায় আট মাস পাহাড়ের বালু কেনাবেচা বন্ধ ছিল। সম্প্রতি আবারও তা শুরু হয়।বালু পরিবহনের একটি ট্রাকের চালক মোহামঞ্চদ নূরুল হোসাইন জানান, বালু বিক্রেতার সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি বালু নিয়ে যাচ্ছেন। এতে পরিবেশের ক্ষতি হলেও তাঁর কিছুই করার নেই। কালারমারছড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহামঞ্চদ জয়নাল আবেদিন বলেন, কয়েক মাস আগে জমি থেকে পাহাড়ের বালু উত্তোলন করার সময় বাধা দেয় প্রশাসন। তখন বালু বিক্রি বন্ধ ছিল। নতুন করে বালু বিক্রি চলছে কি না তা খতিয়ে দেখা হবে।