অবাধে চলছে মাদক কেনাবেচা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩৫টি জায়গায় অবাধে মাদক কেনাবেচা চলছে। এসব জায়গায় প্রতিদিন হেরোইন, ইয়াবা বড়ি, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এসে ঢুকছে। এই সর্বনাশা ব্যবসা নিয়ন্ত্রণ করছে অপরাধজগতের গুটি কয়েক গডফাদার।
এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের কিছু নেতার যোগসাজশে গডফাদাররা নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসা। প্রতিদিন সন্ধ্যা থেকে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আনাগোনায় এসব জায়গা সরব হয়ে ওঠে। রাতভর চলে কেনাবেচা। মাঝেমধ্যে মাদকদ্রব্য অধিদপ্তর ও পুলিশের টাস্কফোর্স ছোটখাটো চালানসহ চুনোপুঁটিদের আটক করলেও গডফাদাররা সব সময় ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়।
সরেজমিনে ঘুরে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে সড়কপথে বগুড়া হয়ে মাদকদ্রব্য চলে আসে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে নৌপথে সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট ও কাজীপুরের ভেটুয়া ঘাট হয়ে চর পোগলদীঘা এসে পৌঁছায়। এখান থেকে পিংনা বাজার, আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জের পুরাতন ঘাট, পঞ্চাশী বাজার, ডোয়াইল ইউনিয়নের কালীতলা বাজার, চাপারকোনা বাজার, সুইপার পট্টি, ডোয়াইল বাজার, পোগলদীঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার, যমুনা সার কারখানা এলাকা, বয়ড়া বাজার, গেন্দারপাড়া, পৌরসভার আরামনগর বাজার, ঝালুপাড়া ঘাট, বলারদিয়ার, রেলওয়ে স্টেশন, শিমলা বাজার আমতলা, বাস টার্মিনাল, বাউসি বাজার, ঋষিপাড়া ও শিমলাপলী তাড়িয়াপাড়াসহ ৩৫টি জায়গায় মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। আর বিপথগামী তরুণ ও কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মাদকদ্রব্যের নিয়মিত ক্রেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য আটক করার পর এগুলোকে ঢাকার মহাখালীতে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এর প্রতিবেদন আসতে সময় লাগে প্রায় এক বছর। আর এই দীর্ঘ সময়ের মধ্যে গডফাদাররা সাক্ষীদের ম্যানেজ করে ফেলে। ফলে মামলার আর কিছু হয় না।
উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের বাহাদুর আলী বলেন, ‘আমার ছেলে শাকিল মেধাবী ছাত্র ও ভালো ফুটবল খেলোয়াড় ছিল। কিন্তু মাদকের ছোবলে সে সবকিছু হারিয়েছে।’
সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফয়েজুল কবির তালুকদার জানান, মাদক কেনাবেচার জায়গাগুলোতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হবে।
সরিষাবাড়ী থানার ওসি কামরুল আহসান বলেন, দুই বছরে মাদকের মামলায় কারও সাজা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদা গুলশান জানান, বিভিন্ন ইউনিয়নের মাদক কেনাবেচার স্থান চিহ্নিত করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।