অবাধে চলছে শামুক নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগ্রহের পর আড়তে শামুক বিক্রি করা হচ্ছে। পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকার একটি আড়ত থেকে সম্প্রতি তোলা l ছবি: প্রথম আলো
সংগ্রহের পর আড়তে শামুক বিক্রি করা হচ্ছে। পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকার একটি আড়ত থেকে সম্প্রতি তোলা l ছবি: প্রথম আলো

বর্ষার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবনার বিভিন্ন বিল ও ফসলের জমি থেকে অবাধে শামুক ধরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ২৫০ টন শামুক ধরা হচ্ছে। এতে জীববৈচিত্র্য ধ্বংস ও ফসলহানির আশঙ্কা রয়েছে।
শামুক ধরা বন্ধে আইন থাকলেও তা প্রয়োগ হচ্ছে না। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ধারা ৬ ও ৩৪-এ বলা হয়েছে, অনুমতি ছাড়া বন্য প্রাণী শিকার, ওঠানো, উপড়ানো ও ধ্বংস বা সংগ্রহ করা যাবে না। এ ছাড়া ক্রয়-বিক্রয় বা আমদানি-রপ্তানি করা যাবে না। এ নিয়ম না মানলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। ২০১২ সালের ১০ জুলাই প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে শামুককে বন্য প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, পৃথিবীতে প্রতিটি প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল। এখন শামুকের প্রজনন সময়। এই মৌসুমে শামুক ধরা হলে প্রজনন ব্যাহত হবে। শামুকখেকো অন্য প্রাণীরা খাদ্যসংকটে পড়ে মারা যাবে। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
আটঘরিয়া কৃষি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর সাদেক জানান, প্রতিটি প্রাণী কোনো না কোনোভাবে উপকারী। শামুক ফসলি জমির ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফেলে। এ ছাড়া শামুকের খোলস জমির উর্বরতা শক্তি বাড়ায়।
গত শনিবার জেলার চাটমোহর ও আটঘরিয়ার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ধানখেতের পাশ দিয়ে অল্প পানিতে নারী, পুরুষ ও শিশুরা শামুক কুড়াতে ব্যস্ত। পানি থেকে শামুক ধরে রাখা হচ্ছে বড় পাতিলে। পরে তা বস্তাবন্দী করে রিকশা-ভ্যানযোগে নিয়ে যাওয়া হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের কাছে। এ সময় কয়েকজন ব্যক্তি জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে একশ্রেণির ব্যবসায়ীর উৎসাহে বিল থেকে শামুক ধরা শুরু হয়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন—এই চার মাস সকাল থেকে বিকেল পর্যন্ত শামুক ধরেন কিছু লোক। পরে তাঁরা তা পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সেগুলো আবার ব্যবসায়ীরা বিভিন্ন খামারে মাছের খাবার হিসেবে বিক্রি করেন।
শামুক ব্যবসায়ী ও শামুক ধরেন এ রকম কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনার বিভিন্ন চিংড়িঘেরে শামুকের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি বস্তা (৫০ কেজি) শামুক বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা দরে। চাটমোহরের রেলবাজার, বাওইকোলা, মূলগ্রাম, পাঁচুরিয়া, পার্শ্বডাঙ্গা, ভাঙ্গুড়ার কয়েকটি এলাকা; সুজানগরের দুলাই বাজার; বেড়ার নগরবাড়ি ঘাট; পাবনা সদরের টেবুনিয়া এবং আটঘরিয়ার কয়েকটি এলাকায় শতাধিক পাইকারি ব্যবসায়ী শামুক কেনাবেচায় জড়িত। জেলার চলনবিল, গাজনার বিল, ডিকশির বিল, ঘুঘুদহ বিলসহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ শামুক ধরে তা পাইকারদের কাছে বিক্রি করে।
ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, প্রতিদিন পাবনা থেকেই গড়ে প্রায় ২৫০ টন শামুক বিক্রি করা হয়। শামুক সংগ্রহের পর তা ট্রাকযোগে নিয়ে যাওয়া হয় খুলনার বিভিন্ন চিংড়িঘেরে।
টেবুনিয়া বাজার এলাকার পাইকারি শামুক ব্যবসায়ী বাচ্চু শেখ জানান, লোকজনের কাছ থেকে শামুক সংগ্রহের পর রাতে তা বস্তাবন্দী করা হয়। পরে ট্রাকযোগে নেওয়া হয় খুলনায়। প্রতিদিন পাবনার বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৩৫ ট্রাক শামুক খুলনায় যায়।
আরেক ব্যবসায়ী সুবাস রায় জানান, একজন ব্যক্তি কম করে হলেও দিনে এক বস্তা শামুক সংগ্রহ করেন। এতে তাঁর ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আয় হয়। বর্ষা মৌসুমে কাজের সংকট থাকায় কিছু লোক শামুক সংগ্রহ করেন।
আটঘরিয়ার দেবত্বর গ্রামের ওমেদ আলী বলেন, ‘বর্ষা আলি কুনু কাম থাহে না, তাই পেটের তাগিদি শামুক ধরি।’
এ ব্যাপারে মোল্যা রেজাউল করিম বলেন, ‘অল্প কিছু মানুষ বেশি লাভের আশায় শামুক ধ্বংস করছে। কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় শামুক রক্ষা করতে হবে। তাই আমরা শামুক ধরা বন্ধে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছি। কোথাও শামুক ধরার খবর পেলে অভিযান চালানো হচ্ছে।’