অবাধে চলছে শামুক নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইল ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক আহরণ করা হচ্ছে। স্থানীয় ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন জেলার চিংড়িঘেরগুলোতে এসব শামুক সরবরাহ করা হয়।নড়াইল জেলার প্রায় ৪০টি বিল ও জলাশয় থেকে প্রতিদিন শামুক আহরণ করা হচ্ছে। সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় চাচুড়ি, নলামারা, কাড়া, ফেদির, কালিরডোব, ঘড়িভাঙ্গা, লোহাগড়া উপজেলার ইছামতী, ঝুটকিয়া, গিলেতলাসহ বিভিন্ন বিল ও জলাশয় থেকে স্থানীয় দরিদ্র মানুষেরা নৌকা ও ডিঙ্গি নিয়ে শামুক আহরণ করে নির্দিষ্ট স্থানে জমা করেন। পরে সেখান থেকে ব্যবসায়ীরা এসব শামুক কিনে নিয়ে যান।লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের সুকুমার বিশ্বাসের স্ত্রী রমলা বালা বলেন, ‘গ্রামের মাইনষের দেহাদেহি আমিও ইছামতীর বিলি শামুক উঠোতি যাই। দিন গিলি এক-দেড় শ টায়া পাই। তাই দিয়ে সংসার চালাই।’নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বরুণ মজুমদার বলেন, বিভিন্ন জলাশয়ের শামুকগুলো মিষ্টি পানিতে ভাসমান রসালো জলজ উদ্ভিদ খেয়ে জীবনধারণ করে থাকে। শামুক বালুচর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়া শুকনো মৌসুমে শামুকের খোলস জমির অম্লতা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। অবিলম্বে শামুক আহরণ বন্ধ করা প্রয়োজন।জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, জলাভূমির জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে পরিবেশ অধিদপ্তর জলাশয় থেকে শামুক-ঝিনুক আহরণ নিষিদ্ধ করেছে। এর পরও একশ্রেণীর ঘেরমালিক ও ব্যবসায়ীরা শামুক-ঝিনুক নিধন করে চলেছেন। চিংড়ির জন্য শামুক আহরণের ব্যাপারে ঘেরমালিকদের নিরুৎসাহিত করা হচ্ছে। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশের জলাশয়, ছোটভাকলা ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকার খাল, বিল ও জলাশয়গুলো থেকে প্রতিদিন প্রায় অর্ধশত নারী-পুরুষ শামুক-ঝিনুক আহরণ করে। ভোর থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে তাঁরা শামুক আহরণ করে থাকেন। দিন শেষে শামুকগুলো একত্র করার পর স্থানীয় ফড়িয়ারা তা কিনে ট্রাকে করে দক্ষিণাঞ্চলের চিংড়িঘেরগুলোতে সরবরাহ করেন।পরিবেশ অধিদপ্তরের ফরিদপুরের উপপরিচালক মোগবুল হোসেন বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শামুক-ঝিনুকের অবদান ব্যাপক। শামুক-ঝিনুক আহরণ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই পরিবেশ অধিদপ্তর শামুক-ঝিনুক আহরণ নিষিদ্ধ করেছে। কিন্তু লোকবলের অভাবে তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারছেন না।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন বলেন, ‘এভাবে শামুক-ঝিনুক আহরণ করতে দেওয়া যায় না। বিষয়টি আমার জানা ছিল না, এখানে নতুন এসেছি। অবশ্যই খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’