অবাধে চলছে হাঙর শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও কক্সবাজারে প্রচুর পরিমাণে ছোট-বড় হাঙর ধরা পড়ছে। এসব হাঙর ধরে এনে জেলেরা কম দামে বিক্রি করছেন আড়তদারদের কাছে। সেখান থেকে অপর একটি পক্ষ তা কিনে নিয়ে শুঁটকি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি ও বিদেশে রপ্তানি করছে। হাঙর শিকারে কোনো বিধিনিষেধ না থাকলেও অবাধে হাঙর নিধন সমুদ্রের ইকোসিস্টেমের ওপর প্রভাব ফেলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। মৎস্য বিশেষজ্ঞদের মতে, অবাধে হাঙর নিধন পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলছে কি না, তা গবেষণার বিষয়। যদি প্রভাব নাও ফেলে, তাহলে ইলিশের মতো একটি নীতিমালা তৈরি করে হাঙর শিকার নিয়ন্ত্রণ করা দরকার। এটা করা গেলে এই খাতটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম প্রধান উৎস হতে পারে বলে তাঁরা মনে করছেন। হাঙরের পাখনা ও চামড়া বিদেশের বাজারে বেশ সমাদৃত বলে তাঁরা জানান।সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশে তিন প্রজাতির হাঙর পাওয়া যায়। এর মধ্যে বাঘা ও হাতুড়ি অন্যতম। অধিদপ্তরের পরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুন বলেন, ‘হাঙর শিকারের বিষয়ে আমাদের কোনো বিধিনিষেধ এখনো তৈরি হয়নি। তবে এটির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ যে একেবারে দরকার নেই তা নয়। কারণ হাঙরের চাহিদা আমাদের দেশে কম হলেও বিদেশে এর বাজার চড়া।’ জানা গেছে, বাংলাদেশের অল্প কিছু লোক হাঙর খেয়ে থাকেন। এর বাইরে চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে হাঙর ও হাঙরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ রপ্তানি হয়। জানা গেছে, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এক বছর ধরে বঙ্গোপসাগরের হাঙর নিয়ে দুই বছর মেয়াদি একটি গবেষণা চালাচ্ছেন। কী পরিমাণ হাঙর শিকার করা হচ্ছে, কী ধরনের জাল ব্যবহূত হচ্ছে, এসব বিষয় গবেষণাকর্মের প্রধান বিষয়। এ প্রসঙ্গে ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন, ‘গত এক বছরে আমাদের গবেষণায় দেখা দেখা গেছে, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, পাথরঘাটা, পিরোজপুর ইত্যাদি অঞ্চলে প্রচুর হাঙর ধরা পড়ছে। এর মধ্যে গত এক বছরে (২০১১ জুলাই পর্যন্ত) কক্সবাজারে হাঙর ধরা পড়েছে প্রায় ১৬৩ টন। এর পর চট্টগ্রামে হাঙর বেশি ধরা পড়ছে।’ তিনি আরও বলেন, ‘ইকোসিস্টেমের জন্য সব ধরনের সামুদ্রিক প্রাণীর প্রয়োজন। বেশি পরিমাণে যেকোনো মাছ শিকার কাম্য নয়। কারণ হাঙর অন্যান্য ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। যদি হাঙরের পরিমাণ কমে যায় তাহলে ছোট মাছ বেড়ে যাবে। এটা ইকোসিস্টেমের ওপর প্রভাব ফেলবে। তবে গবেষণা যেহেতু চলছে, এখনই আমাদের মন্তব্য করার সময় আসেনি।’এই প্রতিষ্ঠান ছাড়াও ‘দ্য বে অব বেঙ্গল লার্জ মেরিন ইকোসিস্টেম’ নামে আটটি দেশের সমন্বয়ে একটি আন্তদেশীয় প্রকল্পের অধীনেও সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা চলছে। সরেজমিনে দেখা গেছে, নগরের ফিশারিঘাট এলাকায় প্রতিদিন সকালে গভীর সমুদ্র থেকে আসা বিভিন্ন মাছ ধরার ট্রলার থেকে ছোট-বড় হাঙর নামানো হচ্ছে। এসব হাঙর প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে কিনে নিয়ে যান শুঁটকি ব্যবসায়ীরা। তারপর এগুলো কর্ণফুলী নদীর দুই পারে বাঁশের কাঠামো করে শুকাতে দেওয়া হয়। কর্ণফুলী তৃতীয় সেতুসংলগ্ন উত্তর পাড়ে দেখা গেছে, অন্তত ৩০ জন ব্যবসায়ী কাঁচা মাছ কেটে শুকাতে দিয়েছেন। এর মধ্যে অন্তত ২৫ জনের কাছে হাঙর দেখা গেছে। মো. হাবিব নামের এক ব্যবসায়ী বলেন, ‘এখন হাঙরটা বেশি পড়ে। সামনে আরও বেশি আসবে। আমাদের দেশে এর চাহিদা কম হলেও বিদেশে বাজার ভালো। শুকানোর পর আমরা তা শুঁটকির আড়তদারদের কাছে বিক্রি করে দিই। তাঁরা সেটা স্থানীয় বাজার ও বিদেশে রপ্তানি করে থাকেন।’আরেক ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, ‘বিদেশে বাজার থাকাতে এই মাছের লাভ ভালো। তাই আমি শুধু হাঙরটাই শুকাচ্ছি।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘এক গবেষণায় দেখা গেছে, ২০০৮-০৯ সালে প্রায় চার হাজার টন হাঙর আহরিত হয়। যদি ব্যবস্থাপনা ও নীতিমালা করা যায়, তাহলে বছরে ১০ হাজার টন হাঙর আহরণ সম্ভব। এটা আমাদের একটি বৈদেশিক আয়ের উৎস হতে পারে। আর অবাধে হাঙর নিধন জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করছে কি না, তাও গবেষণা করে দেখা দরকার।’