অবাধে চলে গাছ-পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বনাঞ্চলগুলোয় গাছ নেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলে পাহাড় কাটা। এ কারণে মাইনী নদী ভরাট হয়ে গেছে। পরিবেশের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ফলদ বাগানের মালিকেরা। পরিবেশ দিবস উপলক্ষে প্রতিবছর শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এক ঘণ্টার শোভাযাত্রা ও আলোচনা সভা ছাড়া পরিবেশ রক্ষাসংক্রান্ত আর কোনো উদ্যোগ নেওয়া হয় না। সাধারণ মানুষের মধ্যে এখনো পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়নি।সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনের বেলায় চলছে পাহাড় কাটা। মাটি পরিবহনের ট্রাক্টরের কয়েকজন চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পাহাড়ের মালিকের কাছ থেকে মাটি কিনে সেগুলো আমরা বিভিন্ন স্থানে সরবরাহ করি।’ পাহাড় কাটা পরিবেশের জন্য ক্ষতি—সেটা জানেন কি না, তাঁদের কাছে জিজ্ঞেস করলে বলেন, ‘পরিবেশ কী, আমরা সেটাই জানি না।’সরেজমিন দেখা গেছে, পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগের হাজাছড়া রেঞ্জের ছয় হাজারসহ মোট ১২ হাজার ৩৫০ একর, মেরুং রেঞ্জের ৫৮৯৯ দশমিক ৬২ একর ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নাড়াইছড়ি রেঞ্জের ৫৪ হাজার ১১২ একর বনাঞ্চলে গাছ নেই বললেই চলে। ১৯৮৬ সালের বিশেষ পরিস্থিতির কারণে বনাঞ্চল থেকে রেঞ্জ কার্যালয় গুটিয়ে নেওয়ায় বনের গাছ লুট হয়ে যায়। বন বিভাগের কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেন।মেরুং রেঞ্জ কর্মকর্তা তুষার কান্তি ঘোষ বলেন, তৎকালীন পরিস্থিতি ও নিরাপত্তাহীনতায় রেঞ্জ কার্যালয় ও বন বিভাগের জনবল সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তখন বনাঞ্চলগুলো অরক্ষিত হয়ে যাওয়ায় গাছ লুট হয়। উপজেলার দুর্গম এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে গাছ কেটে শুকিয়ে লাকড়ি করা হয়। পরে লাকড়িগুলো প্রতি বান্ডিল ৬০ টাকা হিসেবে বিক্রি করা হয়।দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘এ উপজেলায় পরিবেশের ক্ষতি হয়—এমন সব কার্যক্রমই চলে। পাহাড় কাটা, বৃক্ষনিধন ও তামাকের চুল্লিতে কাঠ পোড়ানো হয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবেশের বিষয় গুরুত্বসহ দেখা হয়। কোনোভাবেই পাহাড় কাটা ও বৃক্ষনিধনকারীদের ছাড় দেওয়া হবে না।