অবাধে চিংড়ির রেণু শিকার
ভোলার বিপুলসংখ্যক অভাবী জেলে বর্তমানে অবাধে চিংড়ির রেণু ধরছে। রেণু ধরতে গিয়ে মারা পড়ছে অন্যান্য প্রজাতির মাছ ও জলজ প্রাণী।ভোলা জেলা মৎস্য কার্যালয়ের তথ্যমতে, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে প্রতি মৌসুমে (বৈশাখ-জ্যৈষ্ঠ) প্রায় দেড় লাখ জেলে ৭০-৮০ কোটি গলদা চিংড়ির রেণু ধরছেন। গবেষণায় দেখা গেছে, একটি রেণু ধরতে গিয়ে কয়েক শ জলজ প্রাণী নিধন হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২০০০ সালের ২১ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে উপকূলীয় অঞ্চলে সব ধরনের চিংড়ির রেণু ধরা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা চিংড়ির রেণু ধরে যাচ্ছেন।১২ মে দুপুরে ভোলার বোরহানউদ্দিনের হাকিম উদ্দীন এলাকায় গিয়ে দেখা যায়, মেঘনা নদীতে ২০-২৫ জন জেলে চিংড়ির রেণু ধরছেন। জালে চিংড়ির রেণুর সঙ্গে অন্যান্য মাছের পোনা ও জলজ প্রাণীও ধরা পড়ছে। জেলেরা রেণুগুলো রেখে অন্যান্য মাছের পোনা ও জলজ প্রাণী ডাঙ্গায় ফেলে দিচ্ছেন।সদর উপজেলার রামদাসপুরের আবদুর রহমান মাঝি (৪৫), তজুমদ্দিনের শাহাবুদ্দিন মাঝিসহ (৩৪) বেশ কয়েকজন জেলে জানান, গত দুই মাস (মার্চ-এপ্রিল) নদীতে জাল ফেলা নিষিদ্ধ ছিল। এখন তাঁদের মরণদশা, ছেলেমেয়েরা না খেয়ে আছে। তাই বাধ্য হয়ে তাঁরা নদীতে নেমেছেন রেণু ধরতে। রেণুর পাইকার জসিম উদ্দিন বলেন, ‘খুলনা অঞ্চলের চিংড়ি খামারিগে ধারে নদীর রেণুর কদর বেশি। দামও ভালো পাওয়া যায়।’খুলনার রূপসার তালিমপুর এলাকার গলদাচাষি মোজাফ্ফর হোসেন বলেন, ‘হ্যাচারির রেণু কম বাঁচে। আর বড় অতি চায় না, নদীর রেণু বেশি বাঁচে, বড়ও অয়, এ জন্যি নদীর রেণুর চাহিদা বেশি।’জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, ‘জেলেরা যাতে চিংড়ির রেণুর সঙ্গে ধরা পড়া অন্যান্য মাছের পোনা নদীতে ছেড়ে দেন, সে জন্য তাঁদের সচেতনতা বাড়ানোর দরকার। কিন্তু এই খাতে আমাদের কোনো তহবিল নেই। তহবিল পেলে জেলেদের সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।’ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের গবেষক কামাল উদ্দিন বলেন, অধিকাংশ জেলে অশিক্ষিত, তাঁদের সচেতন করা কঠিন। তবে জেলেদের সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে চিংড়ির সঙ্গে ধরা পড়া অন্যান্য মাছের পোনা ও জলজ প্রাণী তাঁরা নদীতে ছেড়ে দেন।