অবাধে চিংড়ির রেণু শিকার হুমকিতে মৎস্যভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদা চিংড়ির রেণু ধরতে গিয়ে বরগুনাসহ দক্ষিণ উপকূলে প্রতিদিন বিভিন্ন প্রজাতির কয়েক লাখ মাছের পোনা নিধন করা হচ্ছে। এতে সাগর ও উপকূলের নদ-নদীতে অন্যান্য মাছের ভান্ডার ধ্বংস হয়ে যাচ্ছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ‘অবাধে পোনা নিধন আমাদের মৎস্যভান্ডারের জন্য যে বিরাট হুমকি, তা বিশেষজ্ঞ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। কারণ, চিংড়ির একটি পোনা ধরতে গিয়ে অন্যান্য প্রজাতির কমপক্ষে ৫০০ মাছের পোনা মারা পড়ছে। এতে ওই সব মাছের বৃদ্ধি ও উৎপাদনের প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ জন্য জনসচেতনতার পাশাপাশি কৃত্রিম উপায়ে (হ্যাচারি পদ্ধতি) চিংড়ির রেণু উৎপাদনে উৎসাহিত করা দরকার।’সরেজমিনে বরগুনার বিষখালী ও বলেশ্বর তীরের এলাকা ঘুরে দেখা গেছে, অনেক নারী ও শিশু মশারির জাল দিয়ে চিংড়ির রেণু ধরছে। জালে প্রত্যেকবারে সাত-আটটি রেণু উঠে আসে। ওই রেণুর সঙ্গে ট্যাংরা, পোয়া, তপসিসহ কয়েক প্রজাতির অসংখ্য মাছের পোনাও জালে ধরা পড়ছে। চিংড়ির রেণু আলাদা করে পানিতে সংরক্ষণ করলেও অন্যান্য মাছের পোনা ডাঙায় অথবা চরে ফেলে দেওয়া হয়। এভাবে প্রতিদিন কয়েক লাখ মাছের পোনা নির্বিচারে মারা হচ্ছে।পাথরঘাটার হরিণবাড়িয়া, চরদুয়ানি, পদ্মা, তাফালবাড়িয়া, জিনতলা, নিশানবাড়িয়া, তুলাতলা, বড়ইতলা, নলী, বালিয়াতলী, গোলবুনিয়া এবং আমতলীর আশারচর, নলবুনিয়া, নিদ্রা-সকিনা, বগী, জয়ালভাঙাসহ সাগরের উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে মশারি জাল দিয়ে মাছের পোনা নিধন করা হয়।বরগুনা সদরের বিষখালী তীরের সোনাতলা গ্রামের বাসিন্দা তানিয়া (১২) তৃতীয় শ্রেণীতে পড়ে। সে বলে, ‘স্কুল দিয়া আইয়্যা পেরতেক দিন গাঙে পোনা ধরি। ডেইলি ১৫০ থেইকা ২০০টি পোনা পাই। বেইচ্চা ৭৫ থেইকা ১০০ টাকা আয় অয়। আব্বায় মানষের কাম কইর‌্যা যা পায়, হেইয়্যা দিয়া মোগো তিনবেলা খাওন জোডে না।’পাথরঘাটার তাফালবাড়িয়া গ্রামের আফজাল হোসেন বলেন, ‘মোরা গরিব মানুষ। প্যাডের দায়ে এই মাছ ধরি। কিন্তু যারা এই মাছের ব্যবসা করে, যারা এই মাছ ধরার জাল বানায়, সরকার হ্যাগো তো কিছু কয় না। সরকার খালি পারে মোগো নাহান গরিবের লগে। ধারদেনা কইর‌্যা জাল বানাই, আর সাইবেরা মাঝেমধ্যে আইয়্যা জাল পুইড়্যা দেয়।’বরগুনা সদরের নলটোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, চিংড়ির রেণু ধরা বন্ধ করতে হলে ব্যাপক জনসচেতনতার পাশাপাশি এই পেশার সঙ্গে জড়িত কয়েক হাজার পরিবারকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, চিংড়ির রেণু ধরা রোধ করতে এই ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি মশারি জাল উৎপাদন নিষিদ্ধ করতে হবে। গরিব জেলেদের ওপর অভিযান চালিয়ে কোনো ক্রমেই এটা বন্ধ করা যাবে না।জেলা মৎস্য কর্মকর্তা হরনাথ সরকার বলেন, মৎস্য বিভাগে জনবলসংকটের কারণে পোনা নিধন বন্ধ করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা যায় না। পোনা নিধন বন্ধের ব্যাপারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।