অবাধে চুরি হচ্ছে রেলের লোহালক্কড়
সিরাজগঞ্জের কয়েকটি রেলস্টেশনসংলগ্ন পরিত্যক্ত রেললাইনের পাত, লোহালক্কড়, চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র রেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের সঙ্গে যোগসাজশ করে এগুলো চুরি করে নিয়ে তা বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।রেলওয়ের একাধিক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জে রায়পুর, সিরাজগঞ্জ বাজার, বাহিরগোলা ও সিরাজগঞ্জ ঘাট এই চারটি রেলস্টেশন ছিল। বেশ কয়েক বছর আগে সিরাজগঞ্জ ঘাট ও বাহিরগোলা এ দুটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়। বাকি দুটি স্টেশনও এখন বন্ধ হতে চলেছে। এখন এই পথে বেসরকারি ব্যবস্থাপনায় একটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন চলাচল করে। প্রায় ৩০০ একর এলাকায় সিরাজগঞ্জ রেলওয়ের কয়েকটি স্টেশন, কোয়ার্টার ও ইয়ার্ড অবস্থিত। সিরাজগঞ্জে রেলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা নেই। একই সঙ্গে এখানে রেলওয়ের সম্পদ রক্ষণাবেক্ষণ ও এগুলোর নিরাপত্তার জন্য পর্যাপ্ত লোকবলও নেই। এসব কারণে সিরাজগঞ্জ বাজার স্টেশন ও রেলওয়ে ইয়ার্ড (মালগুদাম এলাকা) থেকে পরিত্যক্ত রেললাইনের পাত, স্লিপার, বগির যন্ত্রাংশ ও রেলের কোয়ার্টার থেকে দরজা-জানালা চুরি করে নিয়ে যাচ্ছে। এসব মালামাল রেলওয়ে কলোনি এবং এর আশপাশের এলাকার কয়েকটি ভাঙারির দোকানে বিক্রি হচ্ছে। এসব কাজে রেলের নিরাপত্তা বিভাগের লোকজনও জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ের অপর একটি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ বাজার স্টেশন, রেলওয়ের ইয়ার্ড, জিআরপি থানার পাশ ও রায়পুর রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্ন স্থানে পুরাতন যন্ত্রাংশ, চাকা, রেললাইনের পাত, পরিত্যক্ত বগি ও লোহালক্কড় ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। গত কয়েক দিনে একটি চক্র তা নিয়ে গেছে। একই সঙ্গে তারা রেললাইনের স্লিপারও তুলে নিয়ে তা বিক্রি করে দিচ্ছে। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরসালিন জানান, ইয়ার্ডের কিছু মালামাল চুরি হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জে বিশাল এলাকায় রেলের লোহালক্কড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। লোকবল কম থাকায় সব কিছু দেখে রাখা সম্ভব হয় না। তবে এই চুরি ও বিক্রির সঙ্গে আমাদের লোকজনের কোনো সম্পৃক্ততা নেই।’পাকশী বিভাগীয় রেল সদর দপ্তরের বিভাগীয় কর্মকর্তা মাহাবুব-উল আলম বলেন, সিরাজগঞ্জে রেলের মালামাল চুরি যাওয়ার বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি। তাই এ ব্যাপারে তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারছেন না।