অবাধে তক্ষক শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কে বা কারা গুজব ছড়িয়েছে, তক্ষকের রক্তরস দিয়ে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়। তাই কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে চলছে তক্ষক শিকার। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্য প্রাণীটির সন্ধানে প্রতিদিনই লোকজন শিকারের সরঞ্জাম নিয়ে বন-বাদাড়ে ঘুরে বেড়াচ্ছে। গত সোমবার দুপুরে সাগরনাল ইউনিয়নের খাসকিত্তা এলাকায় গিয়ে দেখা গেছে, এক দিনমজুর তক্ষকের ছয়টি বাচ্চা বিক্রির জন্য নাইলনের একটি বস্তায় আটকে রেখেছেন। এদের খাবার হিসেবে বেশ কিছু জীবিত তেলাপোকা বস্তায় ঢুকানো হয়েছে। বাচ্চাগুলো দৈর্ঘ্যে ১০ থেকে ১৫ সেন্টিমিটার। তিনি জানালেন, বাচ্চাগুলো তিনি বাড়ির পাশের বন থেকে ধরে এনেছেন।ওই ব্যক্তির ভাষ্যমতে, প্রাণীটি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে—এমন গুজবে সাত-আট দিন আগে তিনি বনের কয়েকটি গাছের খোঁড়ল থেকে বাচ্চাগুলো ধরে এনেছেন। তিনি শুনেছেন, ৩০০ গ্রাম ওজনের একটি তক্ষক ৬০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়! তাঁর শিকার করা প্রতিটি বাচ্চার ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম। তবে কোথায় প্রাণীটি বেচাকেনা হচ্ছে, তা তিনি জানেন না।একই ইউনিয়নের জ্বালাই গ্রামের একটি বাড়িতে গিয়ে বন থেকে শিকার করা মাঝারি আকারের তিনটি তক্ষকের দেখা মেলে। ওই গ্রামের মুসা মিয়া আক্ষেপ করে বলেন, ‘কয় দিন আগেও কক্কর (তক্ষকের স্থানীয় নাম) ডাক শোনা যাইত। অখন যায় না। মানুষর যন্ত্রণায় এরা ডাকাডাকি পর্যন্ত বন্ধ করি দিছে।’বন্য প্রাণী বিশেষজ্ঞ শরীফ খান গতকাল প্রথম আলোকে বলেন, তক্ষক সরীসৃপ জাতের নিশাচর বন্য প্রাণী। গ্রীষ্ম ও শরৎকাল এটির প্রজননের মৌসুম। এ সময় এটি চিনাবাদামের আকৃতির পাঁচ-ছয়টি ডিম দেয়। পরিণত বয়সের তক্ষক ৩০ থেকে ৩২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা বিভিন্ন গাছের ক্ষতিকর পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। তবে প্রাণীটি মানুষের কোনো ক্ষতি করে না। রাতের বিভিন্ন প্রহরে তারা উচ্চ স্বরে টানা সাত-আটটি ডাক দেয়। তিনি আরও বলেন, তক্ষকের রক্তরস দিয়ে ওষুধ তৈরির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চড়া দামে এটি বিক্রির বিষয়টি নিছক গুজব। শিগগিরই অবাধে শিকার বন্ধ করা না গেলে প্রাণীটি বিপন্ন হয়ে উঠবে।জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, তক্ষক শিকারের ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।