অবাধে দাহ্য পদার্থ বিক্রি
শরীয়তপুরের বিভিন্ন হাট-বাজারে অবাধে দাহ্য পদার্থ বিক্রি করা হয়। এমনকি এ ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করা হয় না। এ ব্যবসা পরিচালনার জন্য অধিকাংশ ব্যবসায়ীর কোনো লাইসেন্স নেই।জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জেলায় দাহ্য পদার্থ বিক্রি করার জন্য ৩০টি বিস্ফোরক লাইসেন্স রয়েছে। জেলার ছয়টি উপজেলার হাট-বাজারে ২৫০টি স্থানে পেট্রল, ডিজেল ও এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হয়। অনেক ব্যবসায়ী মুদির দোকানের সঙ্গে দাহ্য পদার্থ বিক্রি করছেন। অথচ নিয়মানুযায়ী দাহ্য পদার্থ বিক্রি করতে হলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পেট্রলিয়াম রাখার জন্য মাটির গভীরে ট্যাংক থাকতে হবে। কিন্তু সড়কের পাশে প্লাস্টিকের ড্রামে করে পেট্রল ও ডিজেল বিক্রি করা হয়। পাশে স্তূপ করে রাখা হয় এলপি গ্যাসের সিলিন্ডার। শরীয়তপুর সদরের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা লাইসেন্স করে সরকারি নীতিমালা মেনে ব্যবসা করছি। নিয়মিত রাজস্ব পরিশোধ করছি। যত্রতত্র এ দ্রব্যগুলো বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে এবং আমাদের ব্যবসার ক্ষতি করছে। নাশকতা ঘটানোর জন্য সহজেই মানুষ দাহ্য পদার্থ পাচ্ছে।’শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থের ব্যবসা করা অন্যায়। লাইসেন্স করার জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়। অবৈধভাবে যাঁরা ব্যবসা করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।