অবাধে পাখি বিক্রি
কিশোরগঞ্জ শহরে বন্য প্রাণী সংরক্ষণ আইন ভঙ্গ করে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের পাখি। সম্প্রতি শহরের আখড়া বাজার, রথখলা ও মেথরপট্টি এলাকায় পাখি বিক্রি করতে দেখা গেছে।জেলার হাওর ও অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে শিকারিরা ফাঁদ পেতে এসব পাখি ধরেন। এরপর তাঁরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। বেশি লাভের আশায় ব্যবসায়ীরা শহরে এনে বিক্রি করেন। বিভিন্ন জাতের পাখি খাঁচায় ভরে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে বিক্রি করেন। আবদুল আজিজ নামে এক বিক্রেতা জানান, তিনি করিমগঞ্জের চামড়াঘাট থেকে ১২০ টাকা করে ঘুঘু কিনেছেন। বিক্রি করছেন ১৬০ টাকায়। পুলিশের ভয়ে তিনি শহরতলি এলাকায় বসে ছিলেন। পরে মেথরপট্টি এলাকায় চলে যান।আখড়া বাজারের পাখির ক্রেতা কচি মিয়া বন্য প্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে জানেন না। সচেতন যুবকদের অনুরোধে পাখিগুলোকে তিনি ছেড়ে দেন।কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক মায়া ভৌমিক বলেন, কোয়েল ও ঘুঘু পাখি এখন খালে, বিলে ও হাওরে আসতে শুরু করেছে। একশ্রেণীর শিকারি ফাঁদ পেতে এসব পাখি ধরে বিক্রি করছেন। আইন প্রয়োগকারী সংস্থার এ ব্যাপারে যথাযথ উদ্যোগের অভাব রয়েছে।কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র রাখি গোপাল দেবনাথ বলেন, গ্রামের সচেতন লোকজনকে ফাঁকি দিয়ে লুকিয়ে শিকারির দল পাখি শিকার করে চলেছে। কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, পাখি বিক্রি একটি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পূজার ভিড়ে এমনটি হয়েছে। এ ব্যাপারে তাঁদের সজাগ দৃষ্টি রয়েছে।