অবাধে বালু উত্তোলন, সড়কে ধস, ভোগান্তিতে পাঁচ হাজার মানুষ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কেশোরীপুর গ্রামে সড়কের পাশ থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে সড়কটির একাংশ ধসে যানবাহন ও মানুষের চলাচল প্রায় বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে শিশুশিক্ষার্থীসহ এলাকার পাঁচ হাজার মানুষ।
এলাকাবাসী বলেন, কাঁচা সড়কটি দিয়ে গ্রামের শিশুশিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের যায়। এ ছাড়া এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ এ সড়ক দিয়ে স্থানীয় গরিয়াহাট বাজার ও উপজেলা সদরে যাতায়াত করেন। ধসে পড়ায় সড়কটিতে সাইকেল-ভ্যানসহ কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় মানুষ আধা কিলোমিটার ঘুরে যাতায়াত করছে।
গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সড়কের ওই স্থানের পাশের জমি মিনারুল ইসলামের। অবাধে বালু উত্তোলন করায় সেখানে মাটি ধসেপড়েছে। তাঁরা বলেন, প্রায় দেড় বছর আগে মিনারুল বালু তোলা শুরু করেন। এখান থেকে তিনি এক হাজারেরও বেশি ট্রাক বালু বিক্রি করেছেন। সড়ক ঘেঁষে বালু তোলা শুরু করলে এলাকাবাসী আপত্তি জানিয়েছিলেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালেও কোনো ফল হয়নি। প্রায় তিন মাস আগে সড়কের মাটি ধসে গর্ত তৈরি হয়। বর্ষা মৌসুমে তা আরও বড় হয়েছে।
উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সৈয়দপুর ইউনিয়নে কেশোরীপুর গ্রামের অবস্থান। গত রোববার সরেজমিনে দেখা যায়, গিয়াস উদ্দিনের বাড়ির কাছে ১২ ফুট প্রস্থের সড়কটি পুরোপুরি ধসে পড়েছে। সড়কের এক পাশে জলাশয়, অন্য পাশে বাড়ি। বড় গর্তের কারণে দুটি বাড়িও হুমকির মুখে। সড়কের এ স্থান দিয়ে কোনো যানবাহন বা পথচারী চলাচল করছেন না।
এ গ্রামের বাসিন্দা জাফর আলী বলেন, দুর্ঘটনার আশঙ্কায় সবাই ঘুরপথে যাতায়াত করছে। মিনারুল প্রভাবশালী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে সে বালু তুলেছে। প্রতিবাদ করেও বালু উত্তোলন বন্ধ করা যায়নি।
কেশোরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন বলেন, সড়কে গর্তের কারণে ছাত্রছাত্রীরা দুর্ভোগে পড়েছে। এখন তাদের আধা কিলোমিটার ঘুরে স্কুলে আসতে হচ্ছে। পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাতি খাতুন বলে, ‘সড়কের ওই স্থান দিয়ে আসতে আমাদের ভয় করে। এ কারণে ঘুরপথে আমরা এখন স্কুলে আসি।’
এ বিষয়ে জানতে মিনারুল ইসলামের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা কেউ তাঁর সন্ধান দিতে পারেননি। পরে মুঠোফোনে যোগাযোগ করে পরিচয় দিলে তিনি ‘রং নম্বর’ বলে সংযোগ কেটে দেন। এরপর ফোন দিলেও তিনি ধরেননি।
সৈয়দপুরের ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, ‘আমি বালু তুলতে নিষেধ করেছিলাম। কিন্তু তিনি (মিনারুল) কথা শোনেননি। বালু তোলার সময় একবার প্রশাসনের লোকজন শ্যালো মেশিন তুলে নিয়ে গিয়েছিল। কিছুদিন পর আবার বালু তোলার খবর পেয়েছিলাম। এখন একটি প্রকল্প নিয়ে গর্তটি ভরাট করার ব্যবস্থা করা হবে।’