অবাধে বালু উত্তোলন চলছেই হুমকিতে বাঁধ, জমি, রাস্তা
কক্সবাজারের কুতুবদিয়ায় এক বছর ধরে উপকূলের বিভিন্ন চর থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে ইতিমধ্যে উপকূলের বেড়িবাঁধের কিছু অংশ ও ঝাউবাগান বিলীন হয়ে গেছে। একইভাবে বগুড়ার ধুনটে যমুনা, বাঙ্গালী ও ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বসতবাড়ি, রাস্তাঘাট ও আবাদি জমি বিলীন হওয়ার উপক্রম হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া চরের বিভিন্ন স্থান থেকে ট্রলির সাহায্যে এক বছর ধরে স্থানীয় কয়েকজন ঠিকাদার ও ট্রলির মালিকেরা অবাধে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে স্থানীয় বেড়িবাঁধের ১০ কিলোমিটার এবং ঝাউবাগান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো বালু উত্তোলন অব্যাহত থাকায় ওই বেড়িবাঁধের বাকি অংশ এবং বিশাল ঝাউবাগানের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে উপকূলের উত্তর ধুরং ইউনিয়নের চর ধুরং থেকে আলী আকবর ডেইল ইউনিয়নের খুদিয়ারটেক চর এলাকা পর্যন্ত ২২ কিলোমিটারে বালুচর আছে। ওই চর এলাকাজুড়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ৭১ পোল্ডারের ২২ কিলোমিটার বেড়িবাঁধ আছে। এই বাঁধের পাশেই আছে বিশাল ঝাউবাগান। এসব এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তর ধুরং, দক্ষিণ ধুরং, কৈয়ারবিল, বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে বালু তোলা হচ্ছে। এসব বালু ৩০ থেকে ৩৫টি ট্রলি ও ট্রাকে করে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক কাজের জন্য বালু উত্তোলনের লক্ষ্যে ২০০৮ সালে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায়। নিয়ম অনুসারে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত রাজস্ব দিয়ে সে অনুযায়ী কী পরিমাণ বালু উত্তোলন করবে তা উল্লেখ করে সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করবে। পরে সহকারী কমিশনার ওই কমিটিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কোথা থেকে বালু তুলবে, সেই স্থান নির্ধারণ করার নির্দেশ দেবেন। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, কমিটির প্রস্তাবিত নিয়ম অনুসারে বেড়িবাঁধ থেকে ৩০০ থেকে ৩৫০ গজ দূর থেকে বালু উত্তোলন করতে হবে। কিন্তু কয়েক মাস ধরে বাঁধের ১০-১৫ গজ দূর থেকে বালু তোলা হচ্ছে। কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, বালু উত্তোলন বিষয়ে তিনি কিছু জানেন না। পাউবোর শাখা কর্মকর্তা আবদুস ছাত্তার বলেন, বাঁধের কাছ থেকে বালু উত্তোলনের সময় স্থানীয় লোকজনকে বাধা দেওয়া হয়। কিন্তু তারা সে বাধা মানে না। বগুড়ার ধুনটে যমুনা, বাঙ্গালী ও ইছামতী নদীর ১৫টি স্থান থেকে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করছেন। নদীর তীর ও ভেতরে ড্রেজার মেশিন বসিয়ে তাঁরা শ্রমিক নিয়োগ করে বালু তুলছেন। এতে নদীর বাঁধ, আবাদি জমি, বসতবাড়ি ও সড়ক হুমকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা যায়, যমুনা নদীর আটাচর, শহড়াবাড়ি ঘাট এলাকা থেকে পুকুরিয়া গ্রাম পর্যন্ত পাঁচটি পয়েন্টে বালু উত্তোলন করা হচ্ছে। বাঙ্গালী নদীর বথুয়াবাড়ী বেইলি সেতুর পাশ থেকে, বিলচাপড়ি গ্রাম ও জয়শিং ঘাট এলাকা থেকে বালু তোলা হচ্ছে। এই আট স্থান থেকে বালু উত্তোলনের সরকারি কোনো নিয়ম নেই। বাঙ্গালী নদীর বিভিন্ন স্থান থেকে বালু তোলায় বথুয়াবাড়ী, চকধোলি, পেঁচিবাড়ী, হাঁসাপটল, হেউডনগর, জয়শিংসহ কয়েকটি গ্রামে বসতবাড়ি, রাস্তাঘাট ও আবাদি জমি বিলীন হয়েছে। ইছামতী নদীর মালোপাড়ার সামনে থেকে বালু উত্তোলন করছেন লুৎফর রহমান। বালু ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘আমরা নিজ জমির পাশে নদীর ভেতর থেকে বালু তুলি। এ কারণে কোনো কাগজপত্র করি নাই। আর এভাবে বালু উত্তোলন করলে তেমন কোনো ক্ষতি হয় না।’বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক জানান, বালু তোলার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন বলেন, ‘আমি কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের অর্থনৈতিক জরিমানা করেছি। কয়েক দিনের মধ্যে আবারও অভিযান চালানো হবে।’