অবাধে বালু উত্তোলনে জমিতে বড় বড় গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের রাস্তার পাশ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে মাটি কেটে অবাধে বালু উত্তোলন করছে একটি চক্র। এ কারণে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, গোরস্থান, শত শত লিচু গাছ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। এলাকার ২২ বিঘা জমিতে সৃষ্টি হয়েছে গর্ত। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েও কোনো প্রতিকার পায়নি। এলাকাবাসীর অভিযোগ, ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের ননিজ ফকির, রুবেল প্রামানিক, আনিছুর রহমানসহ স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উঠিয়ে বিক্রি করছেন। প্রতিদিন ছয়-সাতটি ট্রাকে করে এখান থেকে বালু নিয়ে যাওয়া হয়। বালু উত্তোলন ও মাটি কাটার কারণে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত ও জলাশয়। সরেজমিনে দেখা গেছে, চরমিরকামারী থেকে মুন্নারমোড় (বিশ্বরোড-সংলগ্ন মোড়) পর্যন্ত রাস্তার গোরস্থান এলাকার কাছে প্রায় ৩০ ফুট মাটির নিচ থেকে বালু তোলা ও মাটি কাটা হচ্ছে। ছয়-সাতটি ট্রাকে করে এসব বালু ও মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এলাকার কয়েকজন কৃষক নাম গোপন রাখার শর্তে জানান, ক্ষমতাসীন দলের নেতা পরিচয়ে ননিজ ফকির বালু উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন। এতে তাঁদের ফসলি জমি হুমকিতে পড়েছে। এলাকার উন্নয়নকর্মী আহমেদ মোস্তাক জানান, অবাধে বালু তোলায় মিরকামারী গোরস্থান হুমকির মধ্যে পড়েছে। আবদুস সাত্তার সরদার জানান, আশপাশের রাস্তাসংলগ্ন এলাকায় লিচুর অনেক বাগান ও গাছপালা জলাশয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল হোসেন জানান, এলাকাটি ভয়াবহ হুমকির মধ্যে রয়েছে। বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে প্রশাসনকে বারবার বলা হলেও কাজ হচ্ছে না। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন এ বিষয়ে জানান, লিখিত অভিযোগ তাঁর হাতে পৌঁছায়নি। মাটির নিচ থেকে বালু উত্তোলন আইনত অপরাধ। কোনো জমির মালিকও তাঁর নিজের জমি থেকে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করতে পারেন না। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, তিনি বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবেন।অভিযোগের বিষয়ে ননিজ ফকির বলেন, ‘তাঁরা পাঁচ-ছয়জন মিলে প্রায় ২০ বিঘা জায়গায় মাছের খামার করার জন্য নিজেদের জমি থেকে বালু তুলছেন। বিষয়টি আগেই তাঁর দলের কয়েকজন নেতাকে জানানো হয়েছে। নিজেদের জমি থেকে বালু কাটলে মানুষের কী। এলাকার একটি চক্র তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করছে।’