ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ-রূপসদীর বাড়িয়াদহ বিল থেকে অবাধে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত আবেদন করেছে ওই এলাকার ভূমিহীন কৃষক ও জেলে সমিতি।ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০-০১ অর্থবছরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চাষাবাদের জন্য ফরদাবাদ-রূপসদী ধীবর (জেলে) সমবায় সমিতি বাড়িয়াদহ জলমহাল এবং রূপসদী, ফরদাবাদ ও দরিকান্দির তিন শতাধিক ভূমিহীন ব্যক্তি এক একর করে নিচু জমি ১০০ বছরের জন্য বন্দোবস্ত পান। কিন্তু রূপসদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহসীন মিয়া, সাধারণ সম্পাদক রহিছ খান, আবদুল বাতেন, মো. মামুন মোক্তার, শাহীন মিয়া ও নিজাম মিয়াসহ একটি প্রভাবশালী মহল দুই সপ্তাহ ধরে অবৈধভাবে বালিয়াদহ বিল থেকে বালু উত্তোলন করছে।সরেজমিনে দেখা গেছে, ড্রেজার দিয়ে রূপসদীর কাসেম মিয়ার নিচু জমি ভরাট করা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, দুই সপ্তাহ ধরে বালু উত্তোলন চলছে। ধীবর সমিতির সভাপতি মতিলাল দাস জানান, বিল থেকে বালু উত্তোলন করলে তাঁদের লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়ে যাবে, এ বছর সরকারিভাবে ও সমিতির পক্ষ থেকে বিলে দুই কোটি পোনা চাষ করা হয়েছে। ভূমিহীন কৃষক মামুন মিয়া অভিযোগ করে বলেন, ‘বিল থেইক্কা বালু তুললে আমরা বোরো ধান চাষ করতে পারুম না। আমরা অভিযোগ দিছি, কোনো কাম অইতাছে না।’অভিযোগের বিষয়ে রূপসদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহসীন মিয়া বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। তিন মাস আগে বালু উত্তোলন করতে ইউএনও বরাবরে আবেদন করেছিলেন, কিন্তু অনুমতি পাননি। ইউএনও শোয়াইব আহমাদ খান বলেন, অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় একটি প্রতিবেদন পাঠানো হয়েছে, জলমহাল ইজারা নেওয়া সমিতির লোকজন এ বিষয়ে মামলা করতে পারে।