কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল গ্রামের পূর্বপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন। পদ্মা নদীর ওই এলাকা থেকে অবাধে বালু তোলার কারণে গ্রামটি যেকোনো সময় ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবছর বারমাইল এলাকায় পদ্মা নদীতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন। ১০-১২ দিন আগে বারমাইল পূর্বপাড়াসংলগ্ন এলাকা থেকে ড্রেজার দিয়ে নৌকায় বালু তোলা শুরু হয়। এতে গ্রামটি ভাঙনের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় গত রোববার গ্রামবাসীর পক্ষে মোখলেসুর রহমান নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, বালু উত্তোলনের কারণে যদি গ্রাম ভাঙনের মুখে পড়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কুষ্টিয়ায় পদ্মা নদী ও গড়াই নদের ২১টি বালুমহাল পাঁচ বছর ধরে সরকার ইজারা দিতে পারছে না। উচ্চ আদালতে রিট করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এগুলো দখল করে রেখেছেন। এতে সরকার রাজস্ববঞ্চিত হচ্ছে।