অবাধে বালু তোলায় সেতু বিদ্যুতের টাওয়ার ঝুঁকিতে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে দুই বছর ধরে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে ভাঙনের মুখে পড়েছে জনগুরুত্বপূর্ণ ইছামতী সেতু, রাজবাড়ি সেতু ও চাকমা রাজার বাড়ি এবং ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ার।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রাজানগর ইউনিয়নের রাজঘাটা ও বগাবিলি; দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজবাড়ি, খণ্ডলিয়াপাড়া, ইউনুছপাড়া ও সিকদারপাড়া; হোছনাবাদ ইউনিয়নের ঘাগড়া খীলমোগল, কালাগাজি তালুকদারপাড়া, জেলেপাড়া ও মোগলের হাট; স্বনির্ভর ইউনিয়নের জান মোহাম্মদপাড়া, সাহাপাড়া, আন্ন সিকদারপাড়া, পেয়ার মোহাম্মদপাড়া, ফকিরাঘোনা ও শান্তিনিকেতন; পারুয়া ইউনিয়নের মউতপাড়া, বড়ুয়াপাড়া ও হাজারী বিল এলাকায় ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া রাঙ্গুনিয়া পৌরসভার দৈবকিনন্দন ও মুরাদনগর এবং ইছামতী সেতুর গোড়া থেকেও বালু উত্তোলন করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের ইছামতী সেতুর গোড়া থেকে রাজানগর ইউনিয়নের বগাবিলি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় প্রায় ২৫-২৬টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদীপাড়ের ২০টি স্থানে প্রায় ৩০টির বেশি বালুর স্তূপ রয়েছে। চারটি এলাকায় নদীর পাড় ধসে পড়েছে। পৌরসভার মুরাদনগর এলাকার আবদুর রশিদ (৩৯) বলেন, ‘দুই বছর ধরে ড্রেজার দিয়ে বালু তোলায় বর্ষার আগেই নদীর পাড় ধসে পড়তে শুরু করেছে। নদীভাঙনের কারণে মুরাদনগর এলাকায় ৩৩ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ার নদীর মধ্যে চলে গেছে। এর পরও টাওয়ারের গোড়া থেকে বালু উত্তোলন চলছে। এই লাইন দিয়েই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎ পাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।’ দক্ষিণ রাজানগর ইউপি সদস্য আবদুস ছালাম সিকদার বলেন, ‘ইউনিয়নের রাজবাড়ি এলাকায় ছয়টি ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। ফলে প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহাসিক চাকমা রাজার রাজবাড়ি এবং রাজবাড়ি সেতু হুমকির মুখে পড়েছে। গত দুই বছরে রাজারহাট, ইউনুছপাড়া ও খণ্ডলিয়াপাড়ার ১৫-১৬টি বসতঘর ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। বর্তমানে ইউনিয়নের তিনটি গ্রামের দুই শতাধিক বসতঘর ভাঙনের মুখে পড়েছে। পারুয়া ইউনিয়নের মউতপাড়া ও স্বনির্ভর ইউনিয়নের পেয়ার মোহাম্মদপাড়া থেকে শান্তিনিকেতন এলাকা পর্যন্ত ৩০-৩২টি পানের বরজসহ ১৫০ একর জমির সবজিখেত নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের ইছামতী সেতুও।’হোছনাবাদ ইউনিয়নের কালাগাজি তালুকদারপাড়ার আনোয়ার হোসেন (৪৩) বলেন, ‘ড্রেজারের শব্দে ছয় মাস আগে থেকে আমার মাথাব্যথা শুরু হয়। সেই সঙ্গে চোখ দিয়ে পানিও ঝরে।’ প্রায় একই ধরনের অভিযোগ করেন পৌরসভার মুরাদনগর এলাকার হোসনেয়ারা বেগম (৫৮), রাজানগর ইউনিয়নের রাজঘাটা গ্রামের আবু জাফরসহ (৪৭) কয়েকজন। তাঁরা জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করার জন্য এলাকাবাসী ইউএনওর কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল পাননি।ড্রেজার-মালিক রাজানগর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মো. সৈয়দ, হেলাল উদ্দিন, বখতেয়ার ও আমিনুর রহমান নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে জানান, যখন যে দল ক্ষমতায় থাকে, তখন সেই দলের নেতা-কর্মীরা নদী থেকে বালু তুলবেন—এটাই স্বাভাবিক। বিগত চারদলীয় জোট সরকারের সময় বিএনপির নেতা-কর্মীরা বালু তুলে নিলেও তখন কেউ কিছু বলেনি। স্বনির্ভর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের ইসমাইল হোসেন বলেন, ‘নদীর বালু আল্লাহর সম্পদ। কারও সম্পত্তি তো খাচ্ছি না।’ রাঙ্গুনিয়ার ইউএনও তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে একবার অভিযান চালানো হয়েছে। এরপর বালু উত্তোলনকারীরা ফাঁকি দিয়ে বালু তুলছে। বালু উত্তোলন বন্ধে আবার অভিযান চালানো হবে।’