অবাধে বিক্রি হচ্ছে কৃষিজমির মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবাধে বিক্রি করা হচ্ছে কৃষিজমির মাটির ওপরের অংশ। এতে উর্বরতা হারাচ্ছে কৃষিজমি।
স্থানীয় লোকজন বলেন, আমন ধান কাটার পর উপজেলার বিভিন্ন মৌজায় অনেক কৃষিজমি ফাঁকা পড়ে আছে। এ সুযোগে কৃষিজমির মাটি বিক্রি করছেন মালিকেরা। দুই টন ধারণক্ষমতার এক ট্রাক মাটি বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শাকপুরা, পশ্চিম গোমদণ্ডী, চরখিজিরপুর, পূর্ব গোমদণ্ডী, মীরপাড়া, দরপপাড়া, বেংগুরা, পোপাদিয়া, ঘোষখিলসহ বিভিন্ন এলাকায় কৃষিজমির মাটি কাটা হচ্ছে। কোনো কোনো এলাকায় এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। আর এই মাটি যাচ্ছে ইট ও বসতভিটা তৈরির কাজে।
১০ মার্চ পৌরসভার দত্তপাড়া এলাকার কৃষিজমির মাটি কেটে ট্রাক বোঝাই করতে দেখা যায়। মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী এলাকায় বসতভিটা নির্মাণের জন্য মাটি নেওয়া হচ্ছে।
ঠিকাদার মো. দিদারুল আলম জানান, এলাকার ওপর ভিত্তি করে মাটির দাম নির্ধারিত হয়। প্রত্যন্ত এলাকার প্রতি কাঠা জমির মাটি ১ হাজার ৫০০ টাকা, পৌর এলাকায় প্রতি কাঠা জমির মাটি ২ হাজার থেকে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, যিনি মাটি বিক্রি করছেন তাঁরও লাভ, আর যিনি কিনছেন তাঁরও লাভ।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইউনুস বলেন, মাটি বিক্রি করে কৃষকেরা সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাটির ওপরের উর্বর অংশ তুলে নেওয়ার ফলে জমি অনুর্বর হয়ে পড়ে। জমি চাষ করতে গেলে প্রচুর পরিমাণে সার ব্যবহার করতে হয়। তিনি আরও বলেন, নির্দিষ্ট কোনো আইন না থাকায় মাটি বিক্রি ও কেনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
কৃষক মো. আবদুল মোনাফ বলেন, এভাবে কৃষিজমির মাটি কেটে নেওয়ার ব্যাপারে সম্প্রতি শাকপুরা এলাকার ৬১ জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার বলেন, শুধু বোয়ালখালী নয়, এই চিত্র প্রায় সব উপজেলার। তিনি বলেন, এভাবে মাটি কাটা যেহেতু কৃষিজমির জন্য ক্ষতিকর, তাই অভিযোগ পেলে মাটি কাটা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।