অবাধে মাছ ধরার সুযোগ চান ফসলহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসলহানি হওয়ায় হাওরে এখন শুধুই হাহাকার। ছবিটি গত মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর থেকে তোলা l প্রথম আলো
ফসলহানি হওয়ায় হাওরে এখন শুধুই হাহাকার। ছবিটি গত মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর থেকে তোলা l প্রথম আলো

সুরত আলী (৪৮) বোরো ধানের মৌসুমে কৃষক, আবার বর্ষায় জেলে। ধান গোলায় তোলার পর হাওরে যখন পানি আসে, তখন তিনি মাছ ধরেন। ধান গোলায় উঠলে ভাতের জন্য সাত মাস কোনো চিন্তা করতে হয় না। বাকি সময় হাওরে মাছ ধরাই তাঁর ভরসা। কিন্তু এবার ধান নেই। হাওরের মাছ ধরেই বাঁচতে হবে সুরতকে। এই বাঁচার চিন্তার সঙ্গে যোগ হয়েছে, হাওরে মাছ ধরা যাবে তো?
হাওরে কেন মাছ ধরা যাবে না—এমন প্রশ্নের জবাবে সুরত বলেন, ‘সরকার আওর লিজ দিয়ে দিছে। আমরা তো সবখানে মাছ ধরতে পারি না। ইজারাদারের লোকজন কয় দিন পরই আওরে বন্দুক নিয়া পাহারায় নামব। তখন কী করব আমরা?’
সুরতের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের ঘাগটিয়া গ্রামে। এই গ্রামের শতাধিক পরিবারের সবাই কৃষক, সেই সঙ্গে জেলেও। গ্রামের মানুষের ধান ছিল খরচার হাওরে। সব ধান ডুবে গেছে। এখন হাওরে মাছ ধরার সুযোগ পেলে কিছুটা রক্ষা হয়। গ্রামের জমির আলী জানান, মানুষের ঘরে খাবার নেই। হাত খালি। অনাহারে-অর্ধাহারে দিন যাচ্ছে। এই অসহায় মানুষেরা হাওরে অবাধে মাছ ধরার সুযোগ চায়। সরকার এক বছরের জন্য সব হাওরের ইজারা বাতিল করুক।
শুধু ভাসানপানিতে মাছ ধরার সুযোগ নয়, এবার জেলার সব হাওর-জলাশয়ের ইজারা এক বছরের জন্য স্থগিতের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। জেলা আইনজীবী সমিতি, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দাবি তুলেছেন। এই দাবিতে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল হক বলেছেন, ‘আমাদের প্রধান দাবি হলো, এবার জেলে-কৃষকদের হাওরে অবাধে মাছ ধরার সুযোগ দিতে হবে। সরকার থেকে এই ঘোষণা না এলে কোনো কাজ হবে না। জেলে-কৃষকেরা হাওরে নামলে ইজারাদারদের গুলি খাবে।’
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী বলেছেন, ‘জেলার জলমহালগুলো ইজারা দিয়ে সরকার কয় টাকা পায়! লাখ লাখ অসহায় মানুষের জন্য এক বছর ইজারা স্থগিত করা যেতেই পরে। শুরু থেকেই আমরা এই দাবি জানিয়ে আসছি।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় জলমহাল আছে ১ হাজার ১১৯টি। এর মধ্যে ২০ একরের ঊর্ধ্বে ৪১৮টি, ২০ একরের নিচে ৬২৫টি। এসব জলমহাল মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসন ইজারা দেয়। জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা হয় ২০ একরের ওপরে থাকা জলমহালগুলো। জেলা প্রশাসন তিন বছরের জন্য এবং মন্ত্রণালয় ছয় বছরের জন্য ইজারা দেয়। অন্যগুলো ইজারা দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া জেলায় উন্মুক্ত জলমহাল (নদীনালা) আছে ৭৬টি। এগুলো ইজারা হয় না।
জানা গেছে, এসব জলমহালের ইজারা প্রক্রিয়া বাংলা বছরের চৈত্র মাসের মধ্যে সম্পন্ন হয়। তবে মন্ত্রণালয় থেকে যেগুলো ইজারা হয় সেগুলোর সময় বেশি থাকে। এবার এখন পর্যন্ত ইজারা দেওয়া জলমহাল থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ১৭ কোটি টাকা। তবে ২০ একরের ঊর্ধ্বে থাকা ৪৪টি জলমহাল এখনো মন্ত্রণালয়ে ইজারার প্রক্রিয়ায় আছে।
হাওর নয়, ইজারা হয় বিল
শুকনো মৌসুমে হাওরের যে স্থানে পানি থাকে সেটাকে বিল বলে। এই বিলের ক্ষুদ্র অংশটুকুই সরকারিভাবে ইজারা দেওয়া হয়। কিন্তু ইজারাদারেরা দাবি করে পুরো হাওরই তার। ফলে বর্ষায় হাওরজুড়ে যে অংশে পানি ছড়িয়ে পড়ে সেসব স্থানে স্থানীয় জেলে-কৃষকদের মাছ ধরতে বাধা দেয় তারা। ইজারা অংশের বাইরে হাওরের এই ভাসানপানিতে জেলে-কৃষকদের মাছ ধরার দাবি দীর্ঘদিনের। এই অধিকার আদায়ে হাওরে ষাটের দশকে জেলে-কৃষকদের যে জোরালো আন্দোলন হয়, সেটি ছিল ‘ভাসানপানি’ আন্দোলন।
সুনামগঞ্জে হাওরের ‘ভাসানপানি’ আন্দোলনে কমরেড বরুণ রায়ের সঙ্গে কর্মী হিসেবে ছিলেন কৃষকনেতা নির্মল ভট্টাচার্য। তিনি বললেন, ‘এই দাবি নতুন নয়। আমরা যুগ যুগ ধরে করে আসছি। হাওরে প্রকৃত অর্থে জেলেদের কোনো অধিকার নেই, যা আছে কাগজপত্রে। এবার ফসলহারা মানুষদের স্বার্থে সব হাওর-জলাশয় উন্মুক্ত করে দিতে হবে।’
এ প্রসঙ্গে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ইজারার বাইরে থাকা জলমহালগুলো উন্মুক্ত থাকে। এতে সবাই মাছ ধরতে পারেন। তা ছাড়া কোনো হাওরের সবটুকু ইজারা হয় না, ইজারা হয় কিছু অংশ। এর বাইরে মানুষের মাছ ধরতে বাধা নেই। এবার জেলার সব হাওর-জলাশয় ফসলহারা কৃষক-জেলেদের স্বার্থে উন্মুক্ত করে দেওয়া যায় কি নাÑএই প্রশ্নে জেলা প্রশাসক বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্তের বিষয়।’
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১ লাখ ৬৬ হাজার ৬১ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ১৮৮ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লাখ কৃষক পরিবার।
হাওরে মানবিক ঐক্য গড়ার আহ্বান
হাওরের ফসলহারা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে মানবিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। অঙ্গীকার বাংলাদেশ নামের একটি পরিবেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন বিকেল পাঁচটায় এই মানববন্ধনের আয়োজন করে।