অবিক্রীত গরু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার ব্যবসায়ী রাজা মিয়া ঈদুল আজহাকে সামনে রেখে সুদে ঋণ নিয়ে ও বাকিতে ৩৫টি গরু নিয়ে যান ঢাকার কমলাপুর পশুরহাটে। কিন্তু ৩০টিই বিক্রি হয়নি। সেগুলো ফিরিয়ে আনেন। গতকাল মঙ্গলবার চারটি বেড়ার করমজা পশুরহাটে তোলেন। কিন্তু দুপুর পর্যন্ত একটিও বিক্রি হয়নি। রাজা মিয়া প্রথম আলোকে বলেন, ‘ভাই, আমি শ্যাষ হয়া গেছি। ঢাকা যাওয়া-আসা ও গো-খাদ্যের খরচ মেটাতে তিন লাখ টাকায় পাঁচটি গরু বিক্রি করেছিলাম। তাও শ্যাষ। যে লসের মধ্যে পড়ছি, এতে বাড়িঘর বেচলিউ ধারদেনা শোধ করার উপায় নাই। ফেরত আনা গরুগুল্যাকে প্রতিদিন চার হাজার টাকার খাওন দেওয়া লাগত্যাছে। এখন আমার পাগল হওয়া বাকি।’ বেড়া ও সাঁথিয়া উপজেলার বেশির ভাগ গরু ব্যবসায়ীর অবস্থা এখন রাজার মতো। নিজেদের পুঁজির সঙ্গে সুদে ঋণ নিয়ে গরু কিনেছিলেন তাঁরা। গরুগুলো নিয়ে গিয়েছিলেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন হাটে। কিন্তু সেখানে লোকসান দিয়েও সব গরু বেচতে পারেননি। ফিরিয়ে আনতে হয়েছে বেশির ভাগ গরু। অনেকেই পাওনাদারের ভয়ে ঘরছাড়া হয়েছেন। বেড়ার বৃশালিখা মহল্লার গরু ব্যবসায়ী আবু সাঈদ বলেন, ‘ঢাকার কমলাপুর ও আগারগাঁও পশুহাটে ১০৭টা গরু নিয়্যা গেছিল্যাম। এর মধ্যে ৪৪টা ফেরত আনছি। হিসাব কইর‌্যা দেখছি, এ পর্যন্ত আমার লস হইছে ২০ লাখ টাকা। ফেরত আনা গরুগুল্যার পেছনে দৈনিক ছয় হাজার টাকার খাদ্য লাগত্যাছে। বেশির ভাগ গরুই অসুস্থ হয়ে পড়ছে। হাটে নেওয়ারও কায়দা নাই।’ গতকাল উত্তরাঞ্চলের অন্যতম পশুর হাট বেড়ার করমজায় গিয়ে প্রচুর গরুর আমদানি দেখা গেছে। হাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি সূত্রে জানা গেছে, বেশির ভাগ গরুই ঢাকাসহ বিভিন্ন হাট থেকে ফেরত আনা হয়েছে। এখন পানির দরে এসব গরু বিক্রি হচ্ছে। সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু ব্যবসায়ী বলেন, চড়া সুদে আট লাখ টাকা ধার করে ২০টি গরু কিনে ঢাকায় নিয়েছিলেন। সেগুলোর মধ্য থেকে লোকসান দিয়ে মাত্র চারটি গরু বিক্রি করেছেন। ওই টাকা ঢাকা যাওয়া-আসার পথেই ব্যয় হয়ে গেছে। এখন ফিরিয়ে আনা গরুগুলো বাড়ি পাঠিয়ে দিয়ে পাওনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাড়ি থেকে চারটি গরু ভাই ও ছেলেকে দিয়ে হাটে এনে তিনি গোপনে এসেছেন সেগুলো বিক্রি করতে। তিনি জানান, হাটে একেবারেই অল্প দামে গরু বিক্রি হচ্ছে। এর পরও যে দামেই হোক গরু বেচে পাওনাদারদের কিছু টাকা শোধ করতেই হবে। গরু বেচতে আসা শাহজাদপুর উপজেলার আবদুল আজিজ নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘এই গরুটা ঈদের দুই সপ্তাহ আগে এই হাটেই ৭০ হাজার টাকা দিয়্যা কিনছিল্যাম। ঢাকায় নিয়্যা বেচব্যার পারি নাই। যে হাট থিক্যা গরু কিনছি সেই হাটেই আইজ ৫০ হাজার টাকায়ও গরুটা বেচব্যার পারত্যাছি না।’