অবিক্রীত ফ্ল্যাট ২২,৫৭২

দেশের আবাসন ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর ঠিক কতটি ফ্ল্যাট খালি পড়ে আছে তার একটি হিসাব তৈরি করেছে রিহ্যাব। তবে সংগঠনটির এক হাজার ২১৬টি সদস্য প্রতিষ্ঠানের মধ্যে তথ্য দিয়েছে মাত্র ৩৩৮টি প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ৩৩৮টি আবাসন প্রতিষ্ঠানের ২২ হাজার ৫৭২টি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে। এসব ফ্ল্যাটের আনুমানিক মূল্য ২১ হাজার ৫০৬ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
এ ছাড়া বিক্রি হয়েছে কিন্তু এখনো ক্রেতার কাছে হস্তান্তর করা হয়নি—এমন ফ্ল্যাটের সংখ্যা সাত হাজার ১৪টি। এর আনুমানিক মূল্য ৭৭৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা।
গত ফেব্রুয়ারি মাসে রিহ্যাবের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন। ওই বৈঠক উপলক্ষেই এই হিসাব তৈরি করা হয়। সংগঠনটি এই হিসাব অর্থমন্ত্রীর সামনেও তুলে ধরে।
রিহ্যাব বলছে, অর্থমন্ত্রীর কাছে অবিক্রীত ফ্ল্যাটের তথ্য তুলে ধরার পর অন্য সদস্য প্রতিষ্ঠানগুলো আর তথ্য দিতে চায়নি। সে কারণে সারা দেশে কতটি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে, তার সঠিক হিসাব সংগঠনটির কাছে নেই। তবে সংগঠনটি মনে করে, সারা দেশে সবগুলো আবাসন প্রতিষ্ঠান মিলিয়ে অবিক্রীত ফ্ল্যাটের সংখ্যা ৪৫-৫০ হাজার হবে বলে মনে করছে সংগঠনটি।
আবাসন ব্যবসায়ীদের দাবি, রাজনৈতিক অস্থিরতায় গত এক বছরে দেশে তৈরি ফ্ল্যাটের বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ। আবাসন ব্যবসায়ীদের বেচাবিক্রি ও মূল্য আদায় এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।