অবিক্রীতই রয়ে গেছে ২৪ কোটি টাকার চিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলে গতকাল শুক্রবার আখ মাড়াই শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা উপস্থিত ছিলেন।
এদিকে বিগত তিন বছরে উৎপাদিত চিনির গুণগত মান ও রং নষ্ট হওয়ার কারণে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের চিনি অবিক্রীত রয়েছে। ফলে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ।
চিনিকল সূত্র জানায়, চলতি মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ শতাংশ। এদিকে ২০১১-১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরের ছয় হাজার ৪৫৩.৫০ মেট্রিক টন চিনি অবিক্রীত আছে। যার মূল্য ২৩ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। উৎপাদিত চিনির গুণগত মান ও রং নষ্ট হওয়ায় চিনিকলের ডিলাররা তা কিনতে আগ্রহ দেখাচ্ছেন না।
চিনিকলের ডিলার শামছুল আলম জানান, ২০১১-১২ সালের উৎপাদিত চিনির রং অত্যধিক লাল এবং ঘেমে গিয়ে এর গুণগত মান ঠিক নেই। আর ২০১৩-১৪ অর্থবছরের চিনিরও প্রায় একই অবস্থা। ওই সব চিনি কিনে বাজারে বিক্রি করা যাচ্ছে না। এ কারণে তাঁরা চিনি কিনতে সাহস পাচ্ছেন না।
জয়পুরহাট শহরের কয়েকজন ব্যবসায়ী জানান, ক্রেতাদের বিভিন্ন বেসরকারি কোম্পানির চিনির প্রতি চাহিদা বেশি। এগুলোর রং সাদা ও ঝরঝরে হওয়ার কারণে মিষ্টি ব্যবসায়ীরাও এই চিনি কেনেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম বলেন, অবিক্রীত চিনির রং একটু লাল বেশি হলেও গুণগত মান নষ্ট হয়নি। চিনিকলের চিনি মানের দিক থেকে বেসরকারি প্রতিষ্ঠানের চিনির চেয়ে অনেক উন্নত।
এদিকে সরকার দাম কমিয়ে কেজিপ্রতি ৪০ থেকে ৩৭ টাকা দর নির্ধারণ করেছে। চিনিকল কর্তৃপক্ষ আশা করছে, দাম কমার ফলে এখন তারা চিনি বিক্রি করতে পারবে।
এদিকে নির্দিষ্ট সময়ে চিনিকলের আখ মাড়াই শুরু না হওয়ায় চাষিরা ক্ষুব্ধ। জয়পুরহাট জেলার সদর উপজেলা পুরানাপৈল গ্রাম ও পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের কয়েকজন চাষি জানান, প্রতি মৌসুমের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে আখ মাড়াই শুরু হয়।
তবে আবদুস সালাম জানান, আখের চাষ কিছুটা কম হওয়ায় এবার ডিসেম্বর মাসের ১২ তারিখে মিলের মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে।
পুরানাপৈল গ্রামের কৃষক অনিল চন্দ্র মহন্ত এবং পাটাবুকা গ্রামের কৃষক মোবারক হোসেন জানান, তাঁরা আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। আখ বিক্রি করে টাকা তুলতে মাসের পর মাস ধরনা দিতে হয়।