অবিচল লক্ষ্যে পদ্ধতি অনুসরণের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে গতকাল ঢাকা উত্তরের আঞ্চলিক উৎসব হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। উৎসবের সূচনা পর্বে শিক্ষার্থীদের জন্য রাখা ভাবনা লেখার বোর্ডে প্রেরণামূলক কিছু কথা লেখেন ওই কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী l ছবি: প্রথম আলো
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে গতকাল ঢাকা উত্তরের আঞ্চলিক উৎসব হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। উৎসবের সূচনা পর্বে শিক্ষার্থীদের জন্য রাখা ভাবনা লেখার বোর্ডে প্রেরণামূলক কিছু কথা লেখেন ওই কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী l ছবি: প্রথম আলো

সকাল থেকেই খুদে বিজ্ঞানীদের পদচারণায় মুখর হয়ে ওঠে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সবুজ ক্যাম্পাস। মাঠের এক কোণে বিজ্ঞান প্রকল্প বানানোর একটা বড় বোর্ড, মাঝখানে নিজেদের ভাবনা লেখার জায়গা। সঙ্গে বিজ্ঞানের বইয়ের প্রদর্শনী। সেখানে বসেছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের ঢাকা উত্তর পর্বের আসর। সিঁড়ি দিয়ে মিলনায়তনে উঠতে উঠতে ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থী ফারজানা তাবাসসুম ভাবছিল তার পরিকল্পিত চাকা বাস্তবায়িত হলে হুইলচেয়ারেই সিঁড়ি বাওয়া যাবে সহজে। ফারজানার তিন চাকার সমন্বিত চাকা অনায়াসে সিঁড়ির বাধা অতিক্রম করতে পারে। অন্যদিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সৌমেন দাস, সাদমান সাকিব ও শেখ সাফিন আহমেদ হাজির হয়েছে নিজেদের উদ্ভাবিত কম খরচের একটি ত্রিমাত্রিক প্রিন্টার নিয়ে। যা দিয়ে কোনো ছবি প্রিন্ট করলে সেটি সত্যিকারের হয়ে ওঠে! এ রকম অর্ধশতাধিক প্রকল্প ও প্রকল্পের ধারণা নিয়ে খুদে বিজ্ঞানীরা মেতে উঠেছিল উদ্ভাবনের আনন্দযাত্রায়। গতকাল ২৮ আগস্ট ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের ঢাকার আঞ্চলিক পর্বে ঢাকা উত্তর, গাজীপুর ও টাঙ্গাইল জেলার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সকালে বেলুন উড়িয়ে জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী। এরপরই শিক্ষার্থীরা অংশ নেয় ৩০ মিনিটের একটি বিজ্ঞান-বিষয়ক কুইজ প্রতিযোগিতায়। কুইজের পর শুরু হয় খুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শন। এ সময় তাদের প্রকল্প পরিদর্শন করেন পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য বিজ্ঞানী রেজাউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান জয়োৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। এই সময় তাঁরা খুদে বিজ্ঞানীদের বিষয় ঠিক করে লক্ষ্যে অবিচল থাকার পরামর্শ দেন।
প্রকল্প প্রদর্শনী চলার সময় মিলনায়তনে শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন সূত্র ও বিষয় সহজে পরীক্ষা করে দেখানোর পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানতে পারে কেমন করে কাগজের হাঁড়িতে পানি গরম করা যায়, পৃথিবীর আকর্ষণ সত্ত্বেও কেন চাঁদ পৃথিবীতে আছড়ে পড়ে না। এই সময় সঠিক ব্যাখ্যা প্রদানকারীদের ‘কিশোর আলো’ পত্রিকা উপহার দেওয়া হয়।
সমাপনী পর্বে অধ্যাপক জেবা ইসলাম সেরাজ বলেন, এই আয়োজন দেশে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনতে সহায়তা করবে। পাশাপাশি তিনি খুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প এগিয়ে নেওয়ার সহায়তা করার জন্য সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের বিজ্ঞানের মূল পদ্ধতিতে দক্ষ হয়ে ওঠার পরামর্শ দেন। এই পর্বে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ইভেন্ট ও আউটডোরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলমগীর হোসেন। প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রকল্পের জন্য মোট ৮৯ জনকে পুরস্কৃত করা হয়। এরা জাতীয় জয়োৎসবে অংশ নেবে।