অবিন্তা কবির ফাউন্ডেশনের আরেকটি স্কুলের যাত্রা শুরু

অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ভাটারায় আরেকটি মডেল স্কুল উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট স্কুলটি উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে বার্নিকাট বলেন, ‘এই ফাউন্ডেশনের জন্য যাঁরা কাজ করছেন, আমি তাঁদের বলতে চাই, বিশেষত অবিন্তার মা রুবাকে। এখানে সবাই খুব সৌভাগ্যবান। কারণ, তাঁরা অবিন্তার রেখে যাওয়া পরিকল্পনা অনুয়ায়ী কাজ করছেন, যেটা অবিন্তা করে যেতে চেয়েছিলেন। আমি আশা করছি, এ স্কুলের মাধ্যমে অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত অবিন্তার ইচ্ছা ছিল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দেওয়া। অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল উদ্বোধনের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করে অবিন্তার ইচ্ছা পূরণে কাজ করে যাচ্ছে।
অবিন্তা বিশ্বাস করতেন, একটি শিক্ষিত পরিবার গড়তে হলে নারীদের শিক্ষিত করতে হবে সবার আগে। তাই সমাজের সুবিধাবঞ্চিত নারীদের জন্য অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের দুয়ার সব সময়ই খোলা।
ঢাকা ছাড়াও নাটোরে এই ফাউন্ডেশনের আরও পাঁচটি স্কুল আছে। চলতি মাসের শেষ দিকে রাজধানীর বাসাবোতে আরও একটি স্কুল উদ্বোধনের কথা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান ও অবিন্তা কবির ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রুবা আহমেদ, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়েল রেইফম্যান, ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেইনা জারুজেলস্কিসহ অন্যরা।