অবিন্তার স্বপ্নপূরণে পরিবারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিন্তা কবির
অবিন্তা কবির

১৯ বছরের অবিন্তা কবির চাইতেন যুক্তরাষ্ট্রে লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসবেন। কাজ করবেন দেশের সুবিধাবঞ্চিত শিশু আর অ্যাসিডদগ্ধ নারীদের জন্য। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় অবিন্তা নিহত হওয়ার পর তাঁর স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার।
এ বছরের মার্চে অবিন্তার পরিবারের উদ্যোগে যাত্রা শুরু করে অবিন্তা কবির ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রথম কাজ হিসেবে ফেব্রুয়ারিতে নাটোরের সিংড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঁচটি প্রাথমিক স্কুল চালু করা হয়।
অবিন্তা তাঁর ডায়েরিতে লিখে গেছেন অ্যাসিডদগ্ধদের পাশে দাঁড়ানোর সংকল্পের কথা। ফাউন্ডেশন থেকে তাই বেসরকারি সংস্থা অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এ বছরের মার্চে এএসএফকে তারা ১৪০ মিটার বিশেষ ধরনের কাপড় দান করেছে। ‘প্রেশার গার্মেন্টস’ নামের বিশেষ এই কাপড়টি অ্যাসিডদগ্ধদের ক্ষত দ্রুত সারিয়ে তুলতে এবং চিকিৎসা প্রক্রিয়াকে সহজ করে তুলতে সাহায্য করে।
অবিন্তা কবিরের স্মৃতি নিয়ে প্রগতি সরণির অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে ২২ এপ্রিল থেকে এক মাসের জন্য আয়োজন করা হয় ‘লাভিং মেমোরি’ নামে বিশেষ চিত্র প্রদর্শনীর। প্রদর্শনীর চিত্রকর্মগুলো থেকে পাওয়া অর্থে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও অ্যাসিডদগ্ধদের সহায়তায় ব্যয়ের জন্য তহবিল গঠন করা হয়।
গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাঠাগারের একাংশে অবিন্তার স্মরণে চালু হয়েছে অবিন্তা সাইবার সেন্টার ও আর্কাইভ। সাড়ে চার শ বর্গফুটের অবিন্তা সাইবার সেন্টার ও আর্কাইভে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি প্রিন্টারসহ ১৩টি কম্পিউটার, ফটোকপি মেশিন, ইন্টারনেট সংযোগসহ আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি আর্কাইভটি গড়ে তুলতে একজন বিশেষজ্ঞকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া অবিন্তার স্মরণে কড়াইল বস্তিতে শীতের কাপড় ও কম্বল বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করেছে অবিন্তা কবির ফাউন্ডেশন।
আগামী বুধবার ঢাকার নতুন বাজার এলাকায় অবিন্তার নামে একটি নতুন স্কুলের উদ্বোধন করা হবে। ফাউন্ডেশন আগামী শনিবার থেকে তাদের নিজস্ব অফিসে কার্যক্রম শুরু করবে।