অবিবাহিত ও মেসের ভাড়াটেরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়ির অবিবাহিত (ব্যাচেলর) ও মেসের ভাড়াটেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতবিরাতে অভিযানের নামে তাঁদের হয়রানি করছে। বাড়িওয়ালারাও তাঁদের বাড়ি ছেড়ে দিতে বলছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অবিবাহিত ভাড়াটিয়ারা এক মানববন্ধনে এ কথা বলেন। তাঁরা অভিযানের নামে বাসাবাড়ির অবিবাহিত এবং মেসের ভাড়াটেদের হয়রানি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
‘বাংলাদেশ মেস সংঘ’ নামের একটি সংগঠন ব্যাচেলর ও মেসের ভাড়াটেদের নিরাপদ জীবনের দাবিতে ‘মেসে জঙ্গি পোকা আর চাই না’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনটির মহাসচিব মেসের ভাড়াটে আয়াতুল্লাহ আকতার বলেন, জঙ্গি ইস্যুতে মেসের ভাড়াটেদের দোষ দেওয়া হচ্ছে। এই শহরে অনেক শিক্ষার্থী, চাকরিজীবী, পোশাককর্মী মেসে বাস করছেন। গুটিকয়েক বিপথগামী ব্যক্তির জন্য মেসের ভাড়াটেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যাত্রাবাড়ীতে মেসের ভাড়াটে ও স্নাতক শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার বাহাদুর বলেন, ‘ব্যাচেলরদের জীবনে আতঙ্ক নেমে এসেছে। শহরের বিভিন্ন মেসে পুলিশ রেইড দিচ্ছে ভালো কথা, কিন্তু মেসের সদস্যদের হয়রানি করছে কেন? অন্যদিকে বাড়িওয়ালারা মেস ছেড়ে দিতে বলছেন। আমরা আতঙ্কে আছি।’
মানববন্ধনে বক্তারা মেসের ভাড়াটেদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। তাঁরা ব্যাচেলর ও মেস ভাড়া দিতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানান।