অবিবেচনাপ্রসূত সন্ত্রাসী হামলা: ব্রিটিশ হাইকমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশনার অ্যালিসন ব্লেক, অ্যাকটিং হাইকমিশনার মার্ক ক্লেটন এবং ঢাকার ব্রিটিশ হাই কমিশনের কর্মীদের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে এ ঘটনাকে বাংলাদেশে বসবাসরত ও কর্মরত নিরীহ মানুষদের ওপর অবিবেচনাপ্রসূত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

হামলার শিকার, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের পরিবার ও পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানানো হয়েছে ওই বিবৃতিতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী, নিরাপত্তা ও জরুরি সেবা প্রদানকারী যারা এই ভয়ংকর ঘটনার পরিসমাপ্তি টানতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আক্রান্তদের সহায়তা দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নিকট বন্ধু এবং কমনওয়েলথের সহযোগী হিসেবে, যুক্তরাজ্য, এখানে যা ঘটেছে তার ব্যাপারে গভীরভাবে উদ্বেগ অনুভব করছে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বৈশ্বিক লড়াইয়ে, বাংলাদেশের মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।
ব্রিটিশ হাইকমিশনের ওই বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসের সেবাপরায়ণতা, মহানুভবতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শে উজ্জীবিত মানুষ যখন ঈদ-উল-ফিতর উদ্‌যাপনের জন্য একত্র হচ্ছিল ঠিক তখনই এই আক্রমণ সংগঠিত হয়েছে।