অবিরাম বর্ষণে উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি
অবিরাম বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদ-নদীর পানি বাড়ছে। পঞ্চগড়ে পানিবন্দী হয়ে পড়েছে ৩৫ হাজার মানুষ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বোচাগঞ্জের ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ডিমলা উপজেলার ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্যারাজের সবগুলো জলকপাট (৪৪টি) খুলে দেওয়া হয়েছে। ডিমলা ও জলঢাকা উপজেলার ২১টি গ্রামের বন্যাকবলিত ২০ সহস্রাধিক মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। গ্রামগুলো হলো বাইশপুকুর, কিসামত ছাতনাই, পূর্ব ছাতনাই, ছাতনাই, ঝাড়শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাষানীর চর, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী। ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ছাতুনামা এবং ভেন্ডাবাড়ী চরে চার সহস্রাধিক মানুষ মানবেতর জীবন করছে। পঞ্চগড়: জেলায় প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বোদা, আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলায় ১১টি আশ্রয়কেন্দ্রে তিন হাজার মানুষ আশ্রয় নিয়েছে। ঘরবাড়ি ভেঙে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। পানি ওঠায় অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বোদা উপজেলা সদরের পাথরাজ নদের পানি বেড়ে পাঁচটি গ্রাম তলিয়ে গেছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও): টাঙ্গন নদের পানি বেড়ে উপজেলার জাবরহাট ও বৈরচুনা ইউনিয়ন এবং বোচাগঞ্জ উপজেলার ২৭টি গ্রামে নতুন করে বন্যা দেখা দিয়েছে। পানির তোড়ে সাগুনী সেতুর দক্ষিণ পাশের রাস্তার প্রায় অর্ধেক বিলীন হয়ে গেছে। এ কারণে গত সোমবার থেকে পীরগঞ্জ-বোচাগঞ্জ-দিনাজপুর পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নতুন করে বন্যাকবলিত গ্রামগুলো হলো উপজেলার নওডাঙ্গা, জগন্নাথপুর, নওয়াডাঙ্গী, কালঞ্চা, সিরাইল, বিদ্ধই, ডাঙ্গাপাড়া, কাটাবাড়ি, ইন্দ্রইল, গুড়িপাড়া, ভবানীপুর এবং নদীর ওপারে বোচাগঞ্জ উপজেলার পাঁচপাড়া, কাকরাডাঙ্গী, নারৈল, সুকদেবপুর, দেশিয়াপাড়া, কোদালকাটি, ঘিডোব দক্ষিণপাড়া, রাঘবপুর, বৈরামপুর, চোপড়াবাড়ি, ঘিডোব খাদাপাড়া, মসলন্দপুর, মালঞ্চা ও জাবরহাট খাড়িপাড়া। কুড়িগ্রাম: জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর পানি বাড়ছে। এতে নদ-নদীর অববাহিকায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গত তিন দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে যাত্রাপুর প্রতিরক্ষা বাঁধ অনেক সরু হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে কয়েক হাজার একর ফসলি জমি, বিদ্যালয়, মসজিদ, হাট ও বিভিন্ন স্থাপনা। গতকাল সরেজমিনে দেখা যায়, বাঁধের ওপর থেকে মানুষ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। বাঁধের প্রায় ২০০ মিটার অংশ ভাঙতে ভাঙতে সরু হয়ে গেছে। যেকোনো মুহূর্তে বাঁধ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বাঁধের তিন শতাধিক পরিবার আতঙ্কে আছে। যাত্রাপুর ইউপির চেয়ারম্যান আবদুল গফুর জানান, বাঁধটি সরু হয়ে যাওয়ায় উলিপুরের বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের লোকজন জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।