অবিরাম বৃষ্টিতে জীবনযাত্রা বিপর্যস্ত, ফসলের ক্ষতি
অবিরাম বৃষ্টিতে সাতক্ষীরা, পটুয়াখালী ও যশোরের অভয়নগরে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলায় অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। টানা বৃষ্টির কারণে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিল কম।
পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশন সূত্রে জানা গেছে, ভারতের অন্ধ্র প্রদেশসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সঞ্চরণশীল মেঘমালার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: বেতনা নদীর উপচে পড়া পানি ও গতকাল শনিবার দিনভর টানা বর্ষণে সদর উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচ হাজার পরিবারের প্রায় ২০ হাজার মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ধানগাছ।
অবিরাম বর্ষণে তালা উপজেলার পাটকেলঘাটা, কুমিরা, ইসলামকাটি, কানাইদিয়া, জেঠুয়া; কলারোয়ার জালালাবাদ, ধানদিয়া, জয়নগরসহ আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক চিংড়িঘের, পুকুর ও জলাশয়। জেলার বিভিন্ন এলাকায় অন্তত দুই হাজার হেক্টর জমির ধানগাছ ও সবজিখেত নষ্ট হয়েছে।
পটুয়াখালী: পটুয়াখালীতে গত শুক্রবার রাত থেকে টানা বর্ষণে থমকে আছে জনজীবন। সাগর উত্তাল রয়েছে। মাছ ধরার ট্রলারগুলো গভীর সাগর থেকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে শুরু করেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলেরা।
রাস্তাঘাটে লোক ও যানবাহন চলাচল কমে গেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মহিপুর-আলীপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বাউফল (পটুয়াখালী): লঘুচাপের প্রভাবে গত শুক্রবার রাত থেকে টানা বর্ষণে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সেখানে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ওয়াডেল, চর মিয়াজান, চর ব্যারেট, চর নিমদী, কেশবপুর ইউনিয়নের চর মমিনপুর, চর বাসুদেব পাশাসহ ১৮টি চর ও নিম্নাঞ্চলের অন্তত পাঁচ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে।
অভয়নগর (যশোর): দুই দিনের টানা বৃষ্টিতে অভয়নগর উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
অবিরাম বৃষ্টিতে মানুষ খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। উপজেলার রাস্তাঘাট ও হাটবাজারগুলোতে দ্বিতীয় দিনের মতো গতকালও মানুষের উপস্থিতি ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। অব্যাহত বৃষ্টিতে উপজেলায় উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি উপজেলা কৃষি দপ্তর।