অবিলম্বে অভিযোগপত্র দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। গতকাল শনিবার ত্বকী হত্যার ১৮ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে রফিউর রাব্বি এ দাবি জানান।
সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি চলে। রফিউর রাব্বি আবারও অভিযোগ করেন, ‘আমার ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমান তাদের সহযোগীদের দিয়ে খুন করিয়েছে। আজমেরী ওসমানের নির্যাতন কেন্দ্রে (টর্চার সেলে) ত্বকীকে হত্যা করা হয়। এখন উচ্চ মহলের চাপে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আটকে আছে। সরকার ও প্রশাসনের ছত্রচ্ছায়ায় ত্বকী হত্যার বিচার-প্রক্রিয়ায় বিলম্ব করা হচ্ছে।’
রফিউর রাব্বি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে শামীম ওসমানের পরিবারের পাশে থাকবে বলে মন্তব্য করায় ত্বকী হত্যাকাণ্ডের অভিযোগপত্র দিতে পারছেন না মামলার তদন্তকারী কর্মকর্তা। ত্বকী হত্যা মামলা কোনোভাবে ধামাচাপা দেওয়া যাবে না।
এতে রফিউর রাব্বির সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, স্থানীয় পত্রিকা দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, বাসদের জেলার সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুর রহমান, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লক্ষ্মী চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তৃতা করেন।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, হুমকি-ধমকি দিয়ে ত্বকী হত্যাকাণ্ডের বিচার প্রভাবিত করা যাবে না। এ হত্যাকাণ্ডের বিচার করতেই হবে।
বেলা একটায় নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে ত্বকী নিখোঁজ হয়। দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।