
বছর ঘুরে ৮ মার্চ আসতে এখনো গুনে দুই মাস বাকি। কিন্তু প্রতি মাসের ৮ তারিখই বিশেষ দিন হয়ে গেছে তানভীর মুহাম্মদ ত্বকীর স্বজন-সুহৃদদের কাছে। তবে দিনটা শোকের নয়, প্রতিবাদের।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট গতকাল রোববারও নিয়ম করে প্রতিবাদী সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন করে মেধাবী ছাত্র ত্বকী হত্যার প্রতিবাদ জানিয়েছে। এ কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল ও দ্রুত বিচারের দাবি জানান।
নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘দুর্বৃত্তদের প্রতি রাষ্ট্রের পক্ষপাতিত্বের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ত্বকী হত্যা। রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতির প্রকৃষ্ট উদাহরণ এটি। এমন প্রশ্নবিদ্ধ বিচারব্যবস্থায় মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন কখনোই হতে পারে না। দুর্বৃত্তদের প্রতি অনুকম্পা নিয়ে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি অভিযোগ করেন, ত্বকী হত্যার সব তথ্য-প্রমাণ থাকার পরও অভিযোগপত্র দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে হত্যাকারীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যাচ্ছে। অনেকে প্রশাসনের সামনেই ঘুরে বেড়াচ্ছে।
সমাবেশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আইনজীবী মাহাবুবুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক ধীমান সাহা, শাহিন মাহমুদ প্রমুখ।
হালিম আজাদ বলেন, বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার বিচার বিলম্বে হলেও হয়েছে। ত্বকী হত্যার বিচারও হতে হবে। তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ত্বকী হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আজমেরী ওসমান কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারেন?
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।