অবিলম্বে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে দুই প্রধান রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা এবং তত্ত্বাবধায়ক সরকারসহ আগামী নির্বাচন কী ব্যবস্থায় অনুষ্ঠিত হতে পারে, এই দুই বিষয়ে অবশ্যই দুই দলকে সমঝোতায় আসতে হবে বলে মনে করে সিপিবি।গতকাল শনিবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। জামায়াত-শিবিরের অব্যাহত সহিংস তাণ্ডব ও এ কারণে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বিবৃতিতে বলেন, জামায়াত-শিবিরের সহিংসতায় দেশবাসীর জানমাল বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সাম্প্রদায়িক সন্ত্রাসের ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিষয়টি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কোনো রাজনৈতিক বিতর্কের বিষয় বা নির্বাচনী প্রতিযোগিতায় দর-কষাকষির ইস্যু হতে পারে না। এই ইস্যুতে সব দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির এক হওয়া প্রয়োজন। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারসহ আগামী নির্বাচনী ব্যবস্থাপনার বিষয়ে বিতর্ককেও পৃথকভাবেই বিবেচনা করে ফয়সালা করা উচিত। বিজ্ঞপ্তি।