অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলন করে শিক্ষক নেতারা এ দাবি জানান।
গতকাল বেলা একটায় কলা অনুষদ ভবনে অবস্থিত শিক্ষক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় শিক্ষক নেতারা বলেন, গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে উপাচার্য নিয়োগ না দেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ২০ দিন ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন থাকা অস্বাভাবিক ঘটনা। এ পদে সাময়িকভাবেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এভাবে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অলী উল্লাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।