শিশু গৃহকর্মীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠা ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়। মানববন্ধনে ১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে তাহমিনা আক্তার নামের এক গৃহকর্মী হত্যার বিচারও দাবি করা হয়।
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সহসভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিকেটাররা জাতির গর্ব। সে ক্রিকেটারদের একজনের নির্যাতনকারী হয়ে ওঠা দেশের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরে। বক্তারা শ্রম আইনে গৃহশ্রমিকদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, অধিকাংশ ক্ষেত্রে টাকাপয়সা ও ক্ষমতার কারণে অসহায় গৃহশ্রমিকেরা ন্যায্য বিচার পান না। অনেক সময় ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু ক্ষতিপূরণ জীবনের বিনিময় হতে পারে না। তিনি দ্রুত ক্রিকেটার শাহাদাত হোসেন ও গৃহকর্মী তাহমিনা হত্যায় অভিযুক্ত আইনজীবী মো. মামুনের বিচারের দাবি করেন।
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আবুল হোসাইন বলেন, যারা গৃহশ্রমিকদের ওপর নির্যাতন করে তাঁরা সভ্য মানুষ নন। তিনি তাঁদের মুখোশ খুলে দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তাঁদের বাসার গৃহকর্মী মাহফুজাকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। ওই দিনই শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।