
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৪২ মাস পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে। সমাবেশ শেষে ত্বকী মঞ্চের নেতা-কর্মীরা সভাস্থল ত্যাগ করার পর কে বা কারা জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে মোমবাতি নিভিয়ে ফেলে।
সমাবেশে নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, সরকার আজকে বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। দেশে দুই নিয়ম চালু করেছে সরকার। অপরাধী সরকার দলের বাইরে হলে বিচার হবে, সরকার দলের হলে বিচার হবে না। রাজন-রাকিব হত্যার বিচার সাড়ে তিন মাসে সম্পন্ন হলেও সাড়ে তিন বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র পর্যন্ত দেওয়া হলো না। বরং ত্বকীর ঘাতকদের সরকার পুরস্কৃত করেছে।
রফিউর রাব্বী বলেন, ‘ত্বকীর ঘাতকেরা ১৬৪ ধারার জবানবন্দিতে আজমেরী ওসমানের নির্দেশে ও তাঁর নেতৃত্বে ত্বকীকে হত্যা করার কথা বললেও সরকার বা প্রশাসন কেউই তাঁকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমি অবিলম্বে আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে অভিযোগপত্র প্রদানের দাবি জানাচ্ছি।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমটির সভাপতি এ বি সিদ্দিক, সিপিবির সংগঠক দুলাল সাহা, শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর বহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, শহর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহান-আরা বেগম, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়।