মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। পাশাপাশি সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়েছেন। গতকাল সোমবার মানববন্ধন, শোকযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে এসব দাবি জানান সাংবাদিকেরা। তাঁদের প্রতি সমর্থন জানিয়ে এসব কর্মসূচিতে অংশ নেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন।মাছরাঙা টেলিভিশন গতকাল বনানীতে টেলিভিশন সেন্টারের পাশে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে, ল রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্টের প্রধান ফটকে এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। বাংলাদেশ যুব ইউনিয়ন রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতিবাদ সভা করেছে।এ ছাড়া, এ ঘটনায় বিভিন্ন সংগঠন শোক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংগঠনগুলো হচ্ছে: আগামীর বাংলাদেশ, ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, সাংবিধানিক অধিকার ফোরাম, গ্রামীণ জনশক্তি পার্টি, হোসাফ গ্রুপ প্রভৃতি।আজকের কর্মসূচি: কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার বেলা তিনটায় ঢাকা আদালত প্রাঙ্গণে শোক র্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুপুর সোয়া একটায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।তেজগাঁও মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী মেহেরুন রুনি ও তাঁর স্বামীর অকালমৃত্যুতে কলেজের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গণ থেকে আজ বেলা ১১টায় শোক র্যালির আয়োজন করা হয়েছে।বিভিন্ন জেলায় কর্মসুচি: হত্যাকাণ্ডের প্রতিবাদে নীলফামারীর ছয় উপজেলায় কর্মরত সাংবাদিকেরা গতকাল বেলা ১১টা থেকে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেন। শহরের চৌরঙ্গী মোড়ে রাস্তার ওপর এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জেলার কেব্ল অপারেটররা গোটা জেলায় তাঁদের সম্প্রচার এক ঘণ্টা বন্ধ রাখেন।পঞ্চগড় জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গতকাল সকালে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধনের সময় বক্তারা বলেন, পঞ্চগড়ের কৃতী সাংবাদিক মেহেরুন রুনি ও তাঁর স্বামী সাগর সরওয়ারের হত্যাকাণ্ডে পঞ্চগড়ে ক্ষোভের আগুন জ্বলছে। এই আগুন নেভাতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা করেন সাংবাদিকেরা। দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত সাংবাদিকেরা করেন শোকযাত্রা ও প্রতিবাদ সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকেরা শহরে প্রতীকী অনশন ও কলমবিরতি কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।আখাউড়া প্রেসক্লাবে গতকাল বসন্তের প্রথম সকালে ওড়ানো হয় কালো পতাকা। সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের বুকে ছিল কালো ব্যাজ। প্রথম আলো বন্ধুসভা বসন্তবরণ অনুষ্ঠান বাতিল করে শোক ও প্রতিবাদ মিছিলে যোগ দেয়। সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত সময়ে সাগর ও রুনির হত্যাকারীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। ফরিদপুর শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এ সময় সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী প্রমুখ। পটুয়াখালীর সাংবাদিকেরা গতকাল কালো ব্যাজ ধারণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধন, সমাবেশ ও মৌন মিছিল করেন দশমিনা ও গলাচিপা উপজেলার সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীরা। গলাচিপায় বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক, সাংস্কৃতিককর্মী অপমৃত্যুর শিকার হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে পড়বে।যশোর শহরে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সাগর ও রুনির খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়। আধা ঘণ্টার এ কর্মসূচিতে যশোরের সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীরা অংশ নেন।ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন ও পথসভা করেন সাংবাদিকেরা। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। কর্মসূচি শেষে তাঁরা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।সাগর-রুনির হত্যাকাণ্ডের প্রতিবাদে এ ছাড়া বরগুনা, কুমিল্লার লাকসামসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।