বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ সমাবেশ হয়।সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ সমাবেশ থেকে অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের ভয়াবহ সেশনজটের হাত থেকে রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন শামীম মিয়া, আবদুস সালাম, এমদাদুল হক, জয়শ্রী জোয়ার্দারসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে যোগাযোগের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে এসে অর্ধশতাধিক শিক্ষার্থী এ সমাবেশে অংশ নেন। এ বিষয়ে উপাচার্য মো. রফিকুল হক বলেন, পুনরায় সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি শান্ত থাকলে আগামী ২ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।গত ১৯ জানুয়ারি ছাত্রলীগেরদুই পক্ষের সংঘর্ষে রাব্বি নামে পাশের গ্রামের ১০ বছর বয়সের এক শিশু নিহত হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।